বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ ঢাকাই ছবির চিরসবুজ নায়কের জন্মদিন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ ঢাকাই সিনেমার চিরসবুজ নায়ক তিনি। পর্দায় রোমান্টিক, অ্যাকশন, পারিবারিক, কমেডি, সংগ্রামী সব চরিত্রে তার অভিনয় চোখে পড়ার মতো। বলছি একসময়ের রূপালী পর্দা কাঁপানো চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের কথা।

আজ এই চিরসবুজ নায়কের জন্মদিন। ১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের আশুতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

ইলিয়াস কাঞ্চন ১৯৭৫ সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। অভিনয়ের নেশায় নানা পথ পেরিয়ে অবশেষে ১৯৭৭ সালে কিংবদন্তি নির্মাতা সুভাষ দত্তের ‘বসুন্ধরা’ ছবি দিয়ে এ দেশীয় চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। প্রথম ছবিতেই ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা ববিতা। এরপর একে একে তার ক্যারিয়ারে ঘটতে থাকে সাফল্যের ইতিহাস।

সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চলচ্চিত্রের কিংবদন্তির পথে নিয়ে গেছেন গত শতাব্দীর সোনালি যুগের এই দাপুটে অভিনেতা। এ পর্যন্ত অভিনয় করেছেন তিন শতাধিক চলচ্চিত্রে। যারমধ্যে বেশিরভাগই ছিল ব্যবসা সফল। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ইলিয়াস কাঞ্চন অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’র ব্যবসায়িক সাফল্য এখনো ঢাকাই ছবিতে রূপকথা হয়ে আছে। তোজাম্মেল হক বকুলের পরিচালনায় এই ছবিতে কাঞ্চন জুটি বেঁধেছিলেন অঞ্জু ঘোষের সঙ্গে। সীমাহীন কষ্টের এক অসাধারণ প্রেমের গল্প বেদের মেয়ে জোছনা এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত।

একটা সময় চলচ্চিত্রে অশ্লীলতার কারণে তিনি অভিনয় থেকে সরে যেতে থাকেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ২০০৫ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত শাস্তি চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘জয় চলচ্চিত্র’। তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র হল ‘মাটির কসম’। ২০০৮ সালে তিনি প্রথমবারের মত ‘বাবা আমার বাবা’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখান। ২০১৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতা অবলম্বনে শাহাদাৎ হোসেন বিদ্যুৎ ও কলকাতার রেশমী মিত্রের পরিচালনায় একই নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে রয়েছে কলকাতার দেবশ্রী রায়।

১৯৭৯ সালে জাহানারা কাঞ্চনের সাথে ইলিয়াস কাঞ্চনের কাবিন হয়।

১৯৮৩ সালে তাকে ঘরে তুলেন। তার স্ত্রী ১৯৯৩ সালের ২২ অক্টোবর কাঞ্চনের শুটিং দেখতে যাওয়া পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। মীরাজুল মঈন নামে তাদের এক পুত্র সন্তান রয়েছে।

বিশেষ করে তার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে ‘নিরাপদ সড়ক নিরাপদ জীবন’ স্লোগানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। তার বদৌলতেই ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনটি বর্তমান বাংলাদেশে ব্যাপক পরিচিতি লাভ করে এবং এর সঙ্গে বিভিন্ন মহল একাত্মতা ঘোষণা করে। তিনি বর্তমানে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রধান কা-ারি।

ঢাকাই সিনেমার চিরসবুজ নায়ক তিনি। পর্দায় রোমান্টিক, অ্যাকশন, পারিবারিক, কমেডি, সংগ্রামী সব চরিত্রে তার অভিনয় চোখে পড়ার মতো।

বলছি একসময়ের রূপালী পর্দা কাঁপানো চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের কথা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি