ডেস্ক রিপোর্টঃ চকবাজারে অগ্নিকাণ্ডে নোয়াখালীর সোনাইমুড়িসহ বিভিন্ন উপজেলার নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। ঢাকা থেকে নিহতদের লাশ এলাকায় পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। শোকে মুহ্যমান স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে আশপাশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১৩ জন নিহতদের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে সোনাইমুড়ি উপজেলার ১১ জন, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলার তিনজনসহ চৌদ্দজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১৩ জনের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে এবং দুপুরে নিহতের পারিবারিক করবস্থানে লাশ দাফন করা হয়।
জেলা প্রশাসন ও থানা সূত্রে জানা যায়, সোনাইমুড়ির নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের সাহেব উল্লার দুই ছেলে মাসুদ রানা ও মাহাবুবুর রহমান রাজু, পশ্চিম নাটেশ্বর গ্রামের মৃত ভুলু মিয়ার ছেলে মোহাম্মদ আলী হোসেন, নাটেশ্বর গ্রামের সৈয়দ আহমদের ছেলে হেলাল হোসেন, মৃত সুরুজ মিয়ার ছেলে সিদ্দিক উল্লা, দৌলতপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে আনোয়ার হোসেন মঞ্জু, মির্জানগর গ্রামের মমিন উল্যার ছেলে সাহাদাত হোসেন হিরা, মৃত গাউছ আলমের ছেলে নাছির উদ্দিন, চানগাঁ গ্রামের রফিকুল মিয়ার স্ত্রী নয়না, ওয়াসিকপুরের আলী আযমের ছেলে আব্দুর রহিম দুলাল, বারোগা ইউনিয়নের দৈলতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আনোয়ারের লাশ দাফন করা হয়েছে।
সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুস সামাদ জানান, নিহত আনোয়ার হোসেন মঞ্জুর লাশ এখনো সনাক্ত না হওয়ায় তার লাশ এখনো দাফন করা যায়নি। ১০ জনের দাফন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
অপরদিকে, বেগমগঞ্জ উপজেলার মুজাহিদপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে কামাল হোসেন, হরিদবল্লভপুরের মাহফুজুর রহমানের ছেলে মোশারফ হোসেন ও কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী গ্রামের শহিদুল হকের ছেলে জসিম উদ্দিন লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।























































