শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এক ইনিংসে ছক্কার বিশ্বরেকর্ড,৭৭ বলে ১৫০


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ বিশ্ব ক্রিকেটে আজ রেকর্ডময় একটি দিন। এদিকে ভারতের মাটিতে ভারতকে টি-টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করল অস্ট্রেলিয়া। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ছক্কার বিশ্বরেকর্ড গড়ল ইংল্যান্ড।

সেন্ট জর্জেস ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয় বোলারদের নিয়ে ছেলে-খেলা করেছে ইংলিশরা। টসে জিতে ইংলিশদের ব্যাটিংয়ের আমন্ত্রণ করেছিলেন উইন্ডিজ অধিনায়ক। আমন্ত্রণ সাদরে গ্রহণ করে এক ইনিংসে সর্বোচ্চ ২৪টি ছক্কার রেকর্ড গড়ে সফরকারীরা। ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪১৮!

এক ইনিংসে সর্বোচ্চ রানের দিকে দিয়ে এটি ১০ নম্বরে। অবশ্য প্রথমটিও ইংল্যান্ডেরই দখলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় উইকেট হারিয়ে ৪৮১ রান তুলেছিল। এ ম্যাচে জিততে হলে উইন্ডিজ দের রেকর্ড গড়তে হবে। চারশ রান টপকে এর আগে মাত্র দুটি দল জিততে পেরেছিল, টার্গেটে খেলতে নেমে ৪৩৮ রান করে দক্ষিণ আফ্রিকা ও ৪১১ রান করে শ্রীলংকা জয় তুলে নিয়েছিল। উইন্ডিজ জিততে পারলে হবে দ্বিতীয় বিশ্বরেকর্ড।

এ ম্যাচে সেঞ্চুরি করেন জস বাটলার ও ইয়ান মর্গান। অতিমানবীয় ইনিংস খেলেন বাটলার। মাত্র ৭৭ বলে করেন ১৫০ রান। ছক্কা মারেন ১২টি। অন্যদিকে ৮৮ বলে ১০৩ রান করেন মর্গান। তিনিও কম যাননি ছক্কা হাঁকেন ছয়টি। এ দুজনের ব্যাট থেকেই আসে ১৮টি ছক্কা। মর্গান-বাটলারের চতুর্থ উইকেটের জুটিতে মাত্র ১২২ বলে আসে ২০৪ রান।

এ ছাড়া ওপেনিংয়ে নেমে অ্যালেক্স হেলস খেলেন ৮২ রানের ইনিংস। মাত্র ১৮ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন বিপিএলে দুর্দান্ত খেলা এ ডানহাতি ব্যাটসম্যান।

সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটি এ কয়দিন দখলে ছিল উইন্ডিজদের । ইংল্যান্ডের বিপক্ষেই ২০ ফেব্রুয়ারি ব্রিজতাউনে ২৩টি ছক্কা মেরেছিল ক্যারিবীয়রা। এদিন স্বাগতিকরা ৩৬০ রান করেও হেরেছিল।

রেকর্ড গড়া হয় রেকর্ড ভাঙার জন্য। এখন দেখা যাক গেইলরা নতুন রেকর্ড সৃষ্টি করে জিততে পারে কিনা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি