
ডেস্ক রিপোর্ট : আর লুকোচুরি নয়। মালাইকা অরোরা যে অর্জুন কাপুরকে পছন্দ করেন, সম্প্রতি তা প্রকাশ্যেই জানিয়েছেন। রিলেশনশিপে রয়েছেন, তা ঘোষণা করেছিলেন অর্জুনও। এ জুটির বিয়ে নিয়ে বহু জল্পনা রয়েছে বিটাউনে। এবার সেই প্রতীক্ষিত বিয়েই সম্ভবত হতে চলেছে।
ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যম বলছে, আগামী এপ্রিলেই গাঁটছড়া বাঁধবেন অর্জুন-মালাইকা। তবে নির্দিষ্ট দিন এখনো ঘোষণা করেননি তারা। শোনা যাচ্ছে, মুম্বাইয়ের লোখান্ডওয়ালা কমপ্লেক্সের কাছেই অর্জুন ও মালাইকা দুজন মিলে একটি ফ্ল্যাট কিনেছেন। ইতোমধ্যেই সেই বাড়ির অন্দরসজ্জার কাজ হয়ে গেছে। বিয়ের পর এ ফ্ল্যাটেই উঠবেন নতুন দম্পতি। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ হাজির হয়েছিলেন মালাইকা।
অনুষ্ঠানের এক পর্যায়ে করণ জোহর প্রশ্ন করেন, এ বছরের সেরা পুরুষ পারফর্মার কে? অনুষ্ঠানের অন্যতম অতিথি কিরণ খের বললেন, ‘অর্জুন কাপুর।’ পাশে বসে ছিলেন মালাইকা।
তিনি বলেন, ‘আমিও অর্জুনকে খুব পছন্দ করি, এভাবে হোক কিংবা ওভাবে।’ তখন পাশে বসে থাকা সব অতিথি এক সঙ্গে বলে উঠলেন, ‘ও!’ সুপারস্টার সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে মালাইকার বিয়ে ভেঙে যায় ২০১৭ সালে। বিচ্ছেদের নেপথ্যের নায়ক হিসেবে সে সময় সবাই সন্দেহ করেন বনি কাপুরের ছেলে অর্জুনকে।
কিন্তু শুরুর দিকে অর্জুন-মালাইকা নিজেদের ‘ভালো বন্ধু’ বলে স্বীকারোক্তি দেন।

























































