
কথা মতো জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে মাথার ওপর তুলে আছাড় দিলেন স্বামী শেখ পান্নু। এ ঘটনার পর স্ত্রী ফাহিমা আক্তার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনার তিন দিন হলেও রবিবার দুপুর পর্যন্ত জ্ঞান ফেরেনি ফাহিমার।
চিকিৎসকেরা জানান, এখনও ফাহিমার জ্ঞান ফেরেনি। জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলা যাবেনা। তারা জানান, ফাহিমার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে। এদিকে, ঘটনার পর থেকে শেখ পান্নু বাড়ী থেকে পালিয়েছে। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
স্থানীয়রা জানান, সদরপুরের কারিরহাট এলাকার শেখ মোতালেবের পুত্র শেখ পান্নু ১৯৯৭ সালে ঢাকার দোহার থানার চর হরিচন্ডি গ্রামের মমিন তালুকদারের মেয়ে ফাহিমা আক্তারকে বিয়ে করে। বিয়ের পর পান্নু সৌদি প্রবাসী হন। তাদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
ফাহিমার ভাই আমির তালুকদার জানান, আমার বোন প্রায় ২২ বছর যাবৎ পান্নুর সাথে সংসার করছে। পান্নু প্রায় ২০ বছর ধরে সৌদি ছিল। সে ছুটিতে মাঝে মাঝে দেশে আসতো। সে আমার বোনকে না জানিয়ে বিগত ২০১৫ সালের শেষের দিকে দ্বিতীয় বিয়ে করে। তারপর থেকেই আমার বোনের ওপর শুরু হয় নির্যাতন। প্রায়ই আমাদের বাড়িতে টাকা চেয়ে বোনকে বাড়ি পাঠিয়ে দিতো। আমরা বেশ কয়েকবার টাকা দিয়ে বোনকে স্বামীর বাড়ী পাঠিয়েছি। তবুও তার নির্যাতনের মাত্রা কমেনি। এখন তার দাবি আমার বোনের নামে থাকা জমি তাকে লিখে দিতে হবে। এবছর ফেব্রুয়ারী মাসে সে একবারে দেশে চলে আসে। তারপর থেকে প্রতিদিনই চলে আমার বোনের ওপর নির্যাতন।
সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছমির ব্যাপারী জানান, কয়েকবার তাদের বাড়িতে গিয়ে শালিশ করে মিমাংশা করে দিয়েছি। পান্নু দ্বিতীয় বিয়ে করায় ফাহিমার উপর নির্যাতনের হার মাত্রাতিরিক্ত বেড়েছে। পান্নু তার স্ত্রী ফাহিমার নামে কিছু জমি ক্রয় করেছে। যা ফাহিমাকে স্বামীর নামে লিখে দিতেই এ নির্যাতন।






















































