বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পঞ্চম উপজেলা নির্বাচন কেমন হলো


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৯


ডেস্ক রিপোর্ট :
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চার ধাপে প্রায় সাড়ে চারশ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আগামী জুনে পঞ্চম বা শেষ ধাপে অর্ধশত উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে পর্দা নামবে স্থানীয় সরকারের এ নির্বাচনের। এর আগের চারবারের নির্বাচনের তুলনায় এবার ছিল শান্তিপূর্ণ।

তথ্য অনুযায়ী চতুর্থ উপজেলা নির্বাচনে শতাধিক ব্যক্তি নিহত হয়। এবারে নিহতের সংখ্যা শূন্যের কোটায়। তবে রেকর্ডসংখ্যক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রায় এক-চতুর্থাংশ চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত এ নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় ভোটার উপস্থিতি ছিল কম।

প্রথম ধাপে সর্বোচ্চ ৪৩ শতাংশ ভোট পড়লেও চতুর্থ ধাপে সবচেয়ে কম, ৩৬ শতাংশ ভোটার ভোট দেন। চার ধাপে গড়ে ভোটের হার ছিল ৪০ দশমিক ২৫ শতাংশ।

বিএনপিসহ অনেক দলের বর্জনের মধ্যে ক্ষমতাসীন দলের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতায় ভোট পড়ার গড় হারকে স্বাভাবিক বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব হেলালুদ্দীন বলেন, সামগ্রিকভাবে চার ধাপে শান্তিপূর্ণ ভোট হয়েছে। কমিশন এতে সন্তোষ প্রকাশ করছে। চার ধাপের নির্বাচনে কোথাও ভোটের দিন সহিংসতায় কেউ নিহত হয়নি। প্রতিটি ধাপে আমাদের চাওয়া ছিল শান্তিপূর্ণ ভোট, প্রাণহানি না হয়, অনিয়ম যেন না হয়। ভোটার উপস্থিতি বাড়ানোর চেয়ে গুরুত্ব দিয়েছি শান্তিপূর্ণ নির্বাচনের। গত ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়। চার ধাপে ৪৬৫ উপজেলার তফসিল ঘোষণা হলেও ভোটগ্রহণ হয়েছে ৪৫৫টিতে। এর মধ্যে ৩০ উপজেলায় সব পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। আদালতের নির্দেশ ও ইসির আদেশে বাকি উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। চার ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২২২ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১১, ভাইস চেয়ারম্যান ৫১ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৬০ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রথম ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ২৮ প্রার্থী-এর মধ্যে চেয়ারম্যান পদে ১৫, ভাইস চেয়ারম্যান ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন। দ্বিতীয় ধাপে ২৩ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন; ১৩ উপজেলার ভাইস চেয়ারম্যান এবং ১২ উপজেলার নারী ভাইস চেয়ারম্যান পদেও নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপে ভোটের আগেই ৫৬ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান ৩৩, ভাইস চেয়ারম্যান ৯ এবং নারী ভাইস চেয়ারম্যান ১৪ জন। এ ধাপে ৬ উপজেলায় ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি। শেষ ধাপে নির্বাচনে ৯০ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান ৪০, ভাইস চেয়ারম্যান ২৩ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৭ প্রার্থী রয়েছেন।

এ ধাপে ১৫টি উপজেলায় ভোটগ্রহণের দরকার হয়নি। নানা অনিয়মের কারণে ৮টি উপজেলা ও ৬২ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে ইসি। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ৩১১, স্বতন্ত্র ১৩০ (আওয়ামী লীগের বিদ্রোহী এবং বিএনপির ৩ নেতা) এবং জাতীয় পার্টির ৪ জন নির্বাচিত হয়েছেন। ২০১৫ সালে ছয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হয়।

নির্দলীয় সেই নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ১৩০ জন নিহত হয়েছিল। ভোট পড়ে ৬১ শতাংশ। এবার দলীয় প্রতীকে অনুষ্ঠিত নির্বাচনে তেমন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। শুধু বাঘাইছড়িতে ভোটগ্রহণ শেষে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় ৮ জন নিহত হয়েছে। যদিও ইসির ধারণা, এটি আঞ্চলিক প্রতিহিংসার সংঘাত।

এবারের উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে ইসিকে হিমশিম খেতে হয়েছে। প্রায় ২৫ জন সংসদ সদস্যকে প্রভাব বিস্তার ও আচরণবিধি লঙ্ঘনের দায়ে সতর্ক করে এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসি। এ ছাড়া এক মন্ত্রীর এপিএসের বিরুদ্ধে মামলা করা হয়। প্রায় ১০ জন ভোটগ্রহণ ও পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে ইসি। এ ছাড়া অনিয়মের দায়ে ৪ ভোটগ্রহণ কর্মকর্তাকে আটক করা হয়। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল অংশ না নেওয়ায় এবারে ভোটে তেমন উত্তাপ ছিল না। ভোটার উপস্থিতিও ছিল কম। প্রথম ধাপে ৪৩ শতাংশ, দ্বিতীয় ধাপ ও তৃতীয় ধাপে ৪১ শতাংশ ভোট পড়েছে। চতুর্থ ধাপে সেই হার কমে দাঁড়ায় ৩৬ শতাংশে।

যদিও সিইসি বলেন, কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব ইসির নয়, প্রার্থী ও রাজনৈতিক দলের। পঞ্চম ও শেষ ধাপে আগামী ১৮ জুন প্রায় ৪০টি উপজেলায় ভোট হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি