ডেস্ক রিপোর্ট :
বুরকিনা ফাসো’র উত্তরে ফোবে শহর থেকে অল্প দূরত্বে একটি স্কুলের অবস্থান। নেই কোনো শিক্ষার্থী । শ্রেণিকক্ষগুলো ফাঁকা।
কক্ষের ব্ল্যাক বোর্ডে তারিখ লেখা আছে ১৫ই ডিসেম্বর ২০১৮। স্কুলটিতে এরপর আর ক্লাস হয়নি। জঙ্গি হামলার ভয়াবহ পরিবেশ দেখে অভিভাবকরা তাদের শিশুদের স্কুলে পাঠানোই বিপদজনক মনে করছেন।
বুরকিনা ফাসো’র উত্তর, সাহেল এবং পূর্ব-এই তিনটি অঞ্চলে ২৮৬৯টি স্কুলের মধ্যে ১১১১টি স্কুল বন্ধ হয়েছে গত কয়েক মাস ধরে। দেশটির উত্তরের এই অঞ্চলগুলো মালি এবং নাইজার সীমান্তের কাছে। আর এই সীমান্তে জিহাদি জঙ্গিরা তৎপরতা চালাচ্ছে কয়েক বছর ধরে। জঙ্গিদের হামলার কারণে সেখানে একের পর এক স্কুল বন্ধ হওয়াতে ক্ষতিগ্রস্ত হচ্ছে লাখো শিশু। বুরকিনা ফাসোতে শতকরা ৫৮ভাগ শিশু প্রাথমিক স্কুল শেষ করতে পেরেছিলো ২০১৬ সালে।
যে সব এলাকায় স্কুল বন্ধ হয়েছে, এর অনেক স্কুলে হামলার জন্য টার্গেট করেছিলো ইসলামী জঙ্গিরা। কারণ জঙ্গিরা পশ্চিমা শিক্ষার বিরুদ্ধে সেখানে তৎপরতা চালাচ্ছে। অনেক স্কুলে শিক্ষকরা নিরাপত্তা নিয়ে হুমকির কারণে স্কুল বন্ধ রেখেছেন।
স্কুলের প্রধান শিক্ষক স্যামুয়েল স্যায়াদোগো বলেছেন, অস্ত্রধারীর হামলার কারণে ক্লাস বন্ধ করে দেয়া হয়। হামলাকারীরা অনেক স্কুল পুড়িয়ে ফেলেছে। শিক্ষকদের ওপর হামলা চালানো হয়েছে। সেই হামলার ঘটনার পর স্কুলের বেশিরভাগ শিক্ষক এবং কর্মীরা ভয়ে পালিয়েছেন।
তিনি আরো বলেন, একজন শিক্ষককে হত্যা করার পর কেউ কিছুই করেনি। আইন শৃংঙ্খা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ফলে আমাদের নিজেদের রক্ষা করতে হবে।
নিরাপত্তার হুমকি আছে, এরকম এলাকাগুলোর ১ লাখের বেশি মানুষ শিশুদের নিয়ে বুরকিনা ফাসোর নিরাপদ জায়গায় ক্যাম্পে উঠেছেন। সেখানে প্রায় ১০০,০০০ মানুষ নিরাপদ জায়গায় ক্যাম্পে আশ্র্রয় নিয়েছে। আশ্রয় নেয়াদের বড় একটি অংশ শিশু। তাদের জন্য ক্যাম্পেই জরুরি শ্রেণিকক্ষ করে সেখানে শিক্ষা দেয়া হচ্ছে।
বুরকিনা ফাসো’র সরকার বলেছে, নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।























































