ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অফিসকক্ষে গতকাল মঙ্গলবার ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে স্কুলের মেয়েদের খেলার মেডেল ও সনদপত্র, শিক্ষকদের সনদপত্র, রেজুলেশন বই, কারিগরি শাখার নথি, প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। বাংলাদেশ জাতীয় দলের নারী ফুটবল দলের সদস্যদের বিভিন্ন অর্জনে দেশজুড়ে খ্যাতি পায় এ শিক্ষাপ্রতিষ্ঠানটি। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা একে নাশকতার আগুন বলে সন্দেহ করছেন।
ধোবাউড়া থানা-পুলিশ, স্থানীয় ও স্কুলের শিক্ষকদের সূত্রে জানা যায়, গত ৬ মে থেকে স্কুলে রমজানের ছুটি শুরু হয়েছে। তবে বিদ্যালয়টিতে গণিতের বিশেষ ক্লাস চলছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের শিক্ষক উজ্জ্বল বিশেষ ক্লাসের জন্য স্কুলে যান এবং অফিসকক্ষে আগুন জ্বলতে দেখেন। আগুনে কাঠের টেবিলের ওপর ও মেঝেতে গুরুত্বপূর্ণ কাগজপত্র, সনদ ও মেডেল পোড়া অবস্থায় পড়ে আছে। কাগজ ছাড়াও একটি কম্পিউটারের অংশবিশেষ পুড়ে যায়। এ ছাড়া দুর্বৃত্তরা স্কুলের একটি পেনড্রাইভও নিয়ে যায়। এ অগ্নিকাণ্ডের ঘটনা জানাজানি হলে স্কুলের অন্য শিক্ষকরাও স্কুলে উপস্থিত হন।
খবর পেয়ে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান এবং ওসি আলী আহাম্মদ মোল্লা বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন মিয়া সাংবাদিকদের বলেন, দুস্কৃতকারীরা অফিসের তিনটি আলমারি ও পাঁচটি ড্রয়ার ভেঙে শিক্ষকদের সনদপত্র, মেয়েদের খেলার সনদপত্র, রেজুলেশন বই, দু’জন শিক্ষকের সব একাডেমিক সার্টিফিকেট, কারিগরি শাখার কাগজপত্রসহ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কাগজপত্র একটি বড় টেবিলে জড়ো করে আগুন ধরিয়ে দেয়। আগুনে নারী ফুটবল দলের জাতীয় পর্যায়ে তিনবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্সআপ হওয়ার কাগজপত্র ও নারী ফুটবল দলের সদস্যদের ১৫-১৬টি মেডেলের ফিতা ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রফি বা মেডেলের নিকেল ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেন তিনি।
জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংক্রান্ত অনিয়মের ঘটনায় একজন শিক্ষককে বরখাস্ত করা হয়েছিল। এ ছাড়া বিদ্যালয় সম্পর্কে কোনো নেতিবাচক ঘটনা নেই। অফিস কক্ষে অগ্নিকাণ্ডের সময় বিদ্যালয়ের প্রধান গেটে তালা লাগানো ছিল। বিদ্যালয়ের দেয়াল টপকে অফিসে প্রবেশ অগ্নিসংযোগ করেছে বলে ধারণা করা হচ্ছে।
নারী ফুটবলারদের সৌজন্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিদ্যালয়টি সরকারি হওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিক্ষকদের অভিযোগ, বিদ্যালয় সরকারীকরণের কাজে বাধা সৃষ্টি করার জন্যই দুস্কৃতকারীরা এ ধরনের জঘন্য কাজ করেছে। এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি জানান, প্রধান শিক্ষককে একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ার কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ নারী ফুটবলের বিস্ময় সৃষ্টি করেছে। এ বিদ্যালয় থেকে মারিয়া, মার্জিয়া, সানজিদা, তহুরাসহ ১৩ খেলোয়াড় জাতীয় দলের হয়ে নিয়মিত অংশ নেন। কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা তিনবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবলে জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হয়। পরবর্তী সময়ে উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তি হয় ওই শিক্ষার্থীরা।























































