স্টাফ রিপোর্টার :
নিখোঁজ জিডির সুত্র ধরে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ি পুলিশের চৌকস এসআই শাহিন কাদিরের তদন্তে বেরিয়ে আসে বস্তাবন্দি মরদেহ।
উন্নত প্রযুক্তি ও ফোন ট্রেকিংয়ের মাধ্যমে ফাঁড়ি পুলিশের ৫ দিনের নিরলস প্রচেষ্টায় কুমিল্লা বুড়িচংয়ের মোকাম মনিপুর এলাকার নারায়ণ চন্দ্রের (৫৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। বুধবার (২৬ জুন) ভোররাতে বরুড়া উপজেলার বড়হাতুয়া গ্রামের রাস্তার পাশের একটি ঝোপ থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহতের ছোট ভাই জানায়, ১৭ জুন দুপুরে ফোন পেয়ে কাবিলা মনিপুরের নিজ বাড়ি থেকে বেরিয়ে যায় নারায়ন। এরপর একই দিন রাত থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। বহু খোজাখুজির পর তাকে না পেয়ে ১৯তারিখ থানায় জিডি করে নিহতের পরিবারের লোকজন।
ঘটনার সূত্র থেকে জানা যায়,পরোকিয়া সম্পর্কের জেরে নারায়নের ৬ লক্ষ টাকা আত্মসাতের পর নারায়নকে কৌশলে হত্যা করে মরদেহ গুমের চেষ্টা করে চান্দিনা উপজেলার পিহর গ্রামের হর গোবিন্দের মেয়ে উর্মিল্লা চক্রবর্তী সুমা (৩২) ও তার ভাই শংকর (২৮)।
এ ব্যাপারে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ি পুলিশের এসআই শাহিন কাদির জানায়, “মোবাইল ট্রেকিং এর মাধ্যমে নিশ্চিত হয়ে সন্দেহভাজন আসামীদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযানের পর মোকাম এলাকা থেকে সুমা ও শংকর নামের দুজনকে আটক করি মঙ্গলবার (২৫ জুন)।
ব্যাপক জিজ্ঞাসাবাদের পর বুধবার (২৬ জুন) ভোররাতে স্বীকার করলে তাদের নিয়ে মরদেহ উদ্ধারে রওনা হয়ে আসামীদের দেখানো এলাকার ঝোপ থেকে নিখোঁজ নারায়নের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করি “।
ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞেসাবাদ করলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


















































