বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রিয়া সাহার বিচার হলে ‘দুর্গন্ধ আরও বাড়বে’ : হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতা


প্রিয়া সাহার বিচার হলে ‘দুর্গন্ধ আরও বাড়বে’ : হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে ‘ভয়ংকর’ নালিশ করে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছেন বাংলাদেশি নাগরিক প্রিয়া সাহা। তবে তার বিচার হলে ‘দুর্গন্ধ আরও বাড়বে’ বলে মনে করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতা কাজল দেবনাথ। জার্মানির সংবাদ সংস্থা ডয়েচ ভেলের কাছে এমনটিই জানিয়েছেন তিনি।

তবে প্রিয়া সাহা কীভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছেন তা তার সংগঠন জানে না বলে দাবি করেছেন কাজল দেবনাথ। তিনি বলেন, ‘ট্রাম্পের ওই অনুষ্ঠানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের কাছে তিনজনের নাম চেয়েছিল৷ আমরা হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান-এই তিন সম্প্রদায় থেকে তিনজনের নাম দিই। তারা হলেন-নির্মল রোজরিও, নির্মল চ্যাটার্জি এবং সুজিত বড়ুয়। এখন প্রিয়া সাহা কী করে গেলেন সেটা আমরা জানি না। সে আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক, তবে আমাদের নমিনেটেড না।’

হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রিয়া সাহা বলেন, ‘স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি। সেখানে ৩৭ মিলিয়ন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিলীন হয়ে গেছে। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা বাংলাদেশেই থাকতে চাই। সেখানে এখনো ১৮ মিলিয়ন সংখ্যালঘু মানুষ রয়েছে। আমার অনুরোধ, দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশ ছাড়তে চাই না। শুধু থাকার জন্য সাহায্য করুন।’

প্রিয়া সাহার বক্তব্যে বাংলাদেশে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এমনকি সরকারের মন্ত্রীরাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

সম্পাদনা:তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি