বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এসএসসি ও এইচএসসি পাস করা দুই ভুয়া চিকিৎসক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০১৯


ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর ধোলাইপাড়ে কিউর জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটরে এক রোগীর অপারেশন করার সময় এসএসসি ও এইচএসসি পাস করা দুই ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব।

বুধবার রাত ৩টায় তাদের আটক করা হয়। এইচএসসি পাস ব্যক্তির নাম আল মাহমুদ। আর এসএসসি পাস নারী ওই হাসপাতালের মালিক। তার নাম রহিমা। এই জনই নিজেদের ডাক্তার বলে পরিচয় দিয়ে আসতেন।

অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

তিনি  বলেন, আল মাহমুদ নামে ওই ব্যক্তি মাত্র এইচএসসি পাস। কিন্ত তিনি নিজেকে এমবিবিএস (এফসিপিএস পার্ট-টু) বলে পরিচয় দেন। এই দুজন ইতোমধ্যে অনেকের অপারেশন করেছেন। বুধবার রাতে কিউর হাসপাতালের সাতজন রোগীর মধ্যে পাঁচজনের অপারেশন করেছিলেন তারা। তিনজনের সিজার আর দুজনের জরায়ু অপসারণ।

গতরাতে অভিযানের সময় দেখা যায়, কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞের মতামত ছাড়া শাবানা নামে এক রোগীর জরায়ু কেটে ফেলে দেন তারা। অপারেশনের সময়ও থিয়েটারে কোনো বিশেষজ্ঞ ছিলেন না। ভুয়া এই দুই ডাক্তারই অপারেশন করেন।

তিনি আরও বলেন, হাসপাতালের মালিক রহিমা এসএসসি পাস। তিনিও নিজেকে চিকিৎসক দাবি করে অপারেশন করেন। ১০ জুলাই এক রোগীর সিজার করার সময় তার হাতে এক নবজাতক মারা যায়।

অভিযানে এই দুজনকে তাদের অভিজ্ঞতা ও কোথায় পড়াশোনা করেছেন, সে বিষয়ে জানতে চাইলে তারা কোনো সদোত্তর দিতে পারেননি। তাই তাদের দুই বছর করে কারাদণ্ড ও ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়। হাসপাতালটি সিলগালা করা হয়েছে।

বুধবার মধ্যরাত পর্যন্ত চলা ওই অভিযানে র‌্যাবের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি