ডেস্ক রিপোর্টঃ
ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলার সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’র ফাইনাল আজ। আর আজই মিলবে এই শো-এর বিজয়ীদের নিয়ে সব গুঞ্জনের হিসেব। গুঞ্জন বলা হচ্ছে এ কারণে যে, গত ২৯শে জুন কলকাতার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এই রিয়েলিটি শো-এর ফাইনাল রাউন্ড। এরপরই ফাইনাল রাউন্ডের ফলাফল ফাঁস হয়ে যায়। সেখানে দেখা যায়, এতে প্রথম হয়েছেন অঙ্কিতা। যৌথভাবে প্রথম রানারআপ গৌরব ও স্নিগ্ধজিৎ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন প্রীতম ও মাঈনুল আহসান নোবেল! প্রতিযোগিতার ফলাফল আগে ফাঁস হলেও অনেকেই অপেক্ষা করছেন আজকের চূড়ান্ত পর্বটি দেখার জন্য। আজ ফাইনাল রাউন্ড জি বাংলায় প্রচার হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে। এ আয়োজনে মঞ্চে গান গাইতে দেখা যাবে অঙ্কিতা, নোবেল, স্নিগ্ধজিৎ, গৌরব ও প্রীতমকে।
এ ছাড়া অতিথি হিসেবে গাইবেন বলিউডের তারকাশিল্পী সুখবিন্দর সিং ও আরো অনেকে। উল্লেখ্য, সারেগামাপা’র ফাইনাল রাউন্ড পর্যন্ত পৌঁছেছেন যে ছয় প্রতিযোগী তাদের মধ্যে গৌরব ছাড়া কেউ কলকাতার বাসিন্দা নন। সকলেই এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে গিয়েছেন। আর নোবেল গিয়েছেন বাংলাদেশের ঢাকা থেকে।
সম্পাদনা: তানজিনা রুমকী


























































