স্টাফ রিপোর্টারঃ
লাকসামে গভীর রাতে মা-বাবার পাশে থেকে ঘুমন্ত অবস্থায় চুরি হওয়া মাসুদুর রহমান নামে ১১ মাস বয়সের শিশুটি এক দিন পর ফিরে পেয়েছে মায়ের কোল।
রোববার ভোর প্রায় ৩টায় নিজ বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার কেশতলা গ্রামের রাস্তার পাশের একটি মসজিদের পেছনে থেকে কান্নাকাটি অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
হারানো সন্তানকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরে মা-বাবা কান্নায় ভেঙে পড়েন। ছেলে চুরি হওয়ার ঘটনায় গত শনিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং দক্ষিণ পাড়ার রাজন ভূঁইয়া বাড়ির শফিকুর রহমান ও স্ত্রী সালমা বেগম শিশুটিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। গত শনিবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় অজ্ঞাতনামা চোর কৌশলে ঘরের দরজা খুলে মা-বাবার পাশ থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে সন্তানকে না পেয়ে মা-বাবা চিৎকার-কান্নাকাটি করতে থাকে। এ সময় বাড়ির লোকজন ছুটে আসে। আশপাশের ঘরে খোঁজাখুঁজির পর এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।
সংবাদ পেয়ে কুমিল্লা জেলা সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) ইমরান রহমানসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে।
রোববার ভোর প্রায় রাত ৩টায় নিজ বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার কেশতলা গ্রামের রাস্তার পাশের মসজিদের পেছনে একটি শিশুর কান্নাকাটির শব্দ পয়ে ইমাম স্থানীয়দের জানায় দেয়। আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ শিশুটিকে থানায় নিয়ে আসে এবং আদালতের মাধ্যমে মা-বাবার কাছে হস্তান্তর করে। হারানো সন্তানকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরে মা-বাবা দু’জন কান্নায় ভেঙে পড়েন।
এলাকাবাসী জানায়, ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের আর কোনো সন্তান নেই। একটি সন্তানের আশায় তারা ধর্না দিয়েছেন ডাক্তার-কবিরাজ, ফকির-দরবেশসহ নানা চিকিৎসালয়ে। বহু চিকিৎসার পর অবশেষে ১১ মাস পূর্বে তাদের কোলজুড়ে মাসুদুর রহমান নামে একটি পুত্রসন্তান আসে।
এ বিষয়ে লাকসাম থানার ওসি মোঃ নিজাম উদ্দিন জানান, চুরি হওয়া শিশুটিকে প্রায় ১ কিলোমিটার দূরে রাস্তার পাশের একটি মসজিদের পেছন থেকে উদ্ধার করা হয়েছে। আদালতের মাধ্যমে মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।


















































