স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদরের কালির বাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামে গৃহ নির্মাণে চাঁদা না দেয়ার প্রবাসী ৩ ভাইকে কুপিয়ে গুরুতর আহত করে স্থানীয় সন্ত্রাসীরা। পরে হাসপাতালে নেয়ার পর মুক্তার হোসেন (৪৫) নামের একজন নিহত হয়। অপর ২ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত মুক্তার হোসেন দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সন্ধ্যা ৬ টায় নিহতের বাড়ি আনন্দপুর ফরাজি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কালার ছেলে ইসুব, কাছার এলাকার আলী হোসেনের ছেলে ইউসুব, ভাড়াটিয়া সাইফুদ্দিন, আলী আশ্রাফের ছেলে সুমন, আহাজউদ্দিনের ছেলে শহিদুল ওরফে শকু, দিঘলাগাঁ এলাকার জাকিরের ছেলে শাহনাজ ও তার কয়েকজন বন্ধু, মৃত ওয়াজ উদ্দির ছেলে ফিরোজ মিয়া ওরফে কালা বাহিনীর নেতৃত্বে ৭/৮ জন পূর্ব দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে এ খুন করে।
তারা আরো জানায় স্থানীয় কালা বাহিনীর প্রধান কালা দীর্ঘদিন ধরেই বিভিন্ন ভাবে মৃতঃ ওহাব আলীর ছেলে প্রবাসী মোক্তার হোসেনের পরিবারটির উপর নির্যাতন চালাচ্ছিলো। নানা ছুতোয় বিভিন্নভাবে পরিবারটির কাছে চাঁদা দাবী করে আসছিলো। এর আগে কালা বাহিনীকে একবার ৫০ হাজার টাকা চাঁদা দিয়েছিলো বলেও জানায় এলাকাবাসী। ঘটনার কিছুদিন আগে মোক্তার হোসেনের দুই ভাই ইমান হোসেন ও খোকন মিয়া দেশে এলে তারা পৈতৃক জমিতে গৃহ নির্মাণের কাজ শুরু করে। এসময় কালা তাদের কাছে ২লাখ টাকা দাবী করে গৃহ নির্মানে বাঁধা দেয়।
বৃহস্পতিবার বিকেলে মোক্তার হোসেন এর বাড়ির সামনে এসে কালা বাহিনীর লোকজন গালাগালি শুরু করে। এসময় মোক্তার হোসেন বাড়ি থেকে বেরিয়ে এলে ঘরের পাশেই তাকে কোপাতে শুরু করে। চিৎকার শুনে সৌদি আরব প্রবাসী দু ভাই খোকন (৩০) ও ইমন (৩৪) ছুটে এলে তাদেরকেও কোপাতে শুরু করে। পরে এলাকাবাসী ছুটে এলে আসামিরা চলে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোক্তার হোসেনকে মৃত ঘোষণা করে। আহত দুজনের মাঝে ইমান হোসেনের অবস্থা আশংকাজন বলে জানা গেছে। তাদের কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে নাজিরা বাজার ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদ হাসান রুবেল বলেন, মারামারি হয়েছে শুনেছি তবে কি নিয়ে তা এখনো জানা যায় নি। তদন্ত চলছে পরে বিস্তারিত জানা যাবে। মোক্তার হোসেন নামে একজন নিহত হয়েছে আহত দুজন কুমেক হাসপাতালে ভর্তি আছে বলে জেনেছি।


















































