স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পরকীয়া প্রেমের জের ধরে মো. ইয়াছিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে একই গ্রামের যুবক শাহজাহান। সোমবার রাতে এই নির্মম ঘটনাটি ঘটে।
নিহত ইয়াছিন (২৭) উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কুড়িয়াপাড়া ফকিরামুড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাবির নামাজের পর কুড়িয়াপাড়া ফকিরামুড়া গ্রামের আলী মিয়ার ছেলে মাদক ব্যবসায়ি শাহজাহানের সাথে ইয়াছিনের বড় ভাই মিজানের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শাহজাহান মিজানের ওপর হামলা চালায়। এ সময় বড় ভাই মিজানকে বাঁচাতে ইয়াছিন এগিয়ে আসলে শাহজাহান তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা ইয়াছিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


















































