কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকা থেকে সামী মাহমুদ সাইফুল (১৯) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২।
অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের টাংকীর ভেতরে বহন করে মাদক পাচারকালে এই মাদক পাচারকারীকে আটক করা হয়।
মাদক পাচারকারী সাইফুল চট্রগ্রাম জেলার লোহাগড়া থানার চুনতি সুলতান মাওলানা পাড়া গ্রামের মাহমুদুল হকের ছেলে।
আটককৃত মাদক পাচারকারীর কাছ থেকে ২৬ হাজার ৫শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ চট্রগ্রাম থেকে বিভিন্ন পরিবহনে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
আটককৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে কুমিল্লার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


















































