শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার দেবিদ্বারে বড় ভাইয়ের ঘর থেকে ছোট ভাইয়ের বস্তাবন্দী গলিত মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামে বড় ভাই ইব্রাহিমের ঘর থেকে ছোট ভাই সোহেল রানা (৩০) নামে যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৩০ আগষ্ট দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ইব্রাহিম এবং সোহেল রানার মাঝে মারামারি হয়। ইব্রাহিম তার স্ত্রী রুজিনাকে নিয়ে যুবক সোহেল মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই সোহেল মারা যান। বিষয়টি ধামাচাপা দিতে ইব্রাহিম আপন ভাইয়ের মরদেহ বস্তাবন্দী করে তার নিজ গৃহেই পুতেঁ রাখেন। পরে বেশ কয়েকদিন যাবত তাকে খুঁজে না পেয়ে নিহতের ভাগিনা মাঈনউদ্দিন সোহেল কোথায় আছে জানতে চান। এ সময় ঘাতক ইব্রাহিম জানান সোহেলকে মাদক নিরাময় কেন্দ্রে দেওয়া হয়েছে। স্বজনরা কোন নিরাময় কেন্দ্রে তাকে দেওয়া হয়েছে জানতে চাইলে ইব্রাহিম তাদের প্রশ্নের উত্তর না দিয়ে নিজেই আত্মগোপন করেন। আশপাশের লোকজন ইব্রাহিমের স্ত্রী রোজিনা বেগমকে চাপ দিলে নিজ গৃহেই সোহেলের মরদেহ পুঁতে রাখা হয়েছে বলে জানান।

এরই ভিত্তিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ভিংলাবাড়ি উচা ব্রিজ এর পাশে অবস্থিত ইব্রাহিমের ঘর থেকে সোহেল রানার গলিত মরদেহ উদ্ধার হয় ।

এ বিষয়ে দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানায়, ঘটনায় ইব্রাহিমের স্ত্রী রুজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত বলা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি