নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের কাজিরখিল গ্রামে দুই সন্তানের জননীকে (৩৮) গণধর্ষণের ঘটনায় গ্রাম্য শালিসি বৈঠকে মিটমাটের চেষ্টা করে ঘটনায় ধামামাচাপা দেওয়ার চেষ্টার ঘটনায় ইউপি সদস্যসহ ৫ শালিসদারকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- স্থানীয় ৩নং ওয়ার্ড মেম্বার আবু বক্কর ছিদ্দিক, মাসুদ, ইয়াছিন, আবদুল হক মাষ্টার ও ওবায়দুল হক প্রকাশ লেদু।
এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে সেনবাগ থানায় একটি মামলা (নং ১০ তারিখ ১০/০৯/২০ইং) দায়ের করলে পুলিশ রাতেই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরের পর নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনার বিবরণ দিয়ে জানান, গত ৫ সেপ্টেম্বর রাতে ওই নারী গণধর্ষণের শিকার হয়। এরপর এলাকার একদল সমাজপতি শালিসের নামে নির্যাতন ও থানায় আসতে বাধা এবং ধর্ষকদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ এক ইউপি মেম্বারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। থানায় মামলা দায়েরের কথা শুনে ধর্ষকরা পালিয়ে যায়। তবে তাদের সকলকে গ্রেফতারের চেষ্টা চলছে।























































