রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » এবার ফিল্ম ইন্ডাস্ট্রির সম্মানহানি নিয়ে নর্দমার সঙ্গে তুলনা করা হচ্ছে জানালেন জয়া বচ্চন


এবার ফিল্ম ইন্ডাস্ট্রির সম্মানহানি নিয়ে নর্দমার সঙ্গে তুলনা করা হচ্ছে জানালেন জয়া বচ্চন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০২০

বিনোদন ডেস্ক:

বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা করা হচ্ছে বলে প্রতিবাদ জানালেন জয়া বচ্চন। বিগত কয়েক মাস ধরেই বলিউড ইন্ডাস্ট্রি বিতর্কে তুঙ্গে রয়েছে ভারতবাসীদের কাছে। সুশান্তের মৃত্যুতে নেপোটিজম কিংবা ফেভারিটিজম, মুভি মাফিয়া এবং মাদক নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে চলে আসছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে ইতোমধ্যে অনেকেই মুখ খুলেছেন। এবার ফিল্ম ইন্ডাস্ট্রির সম্মানহানি নিয়ে সরব হলেন বর্ষীয়ান অভিনেত্রী ও রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন।

মঙ্গলবার সকালে জিরো আওয়ারে রাজ্যসভায় ফিল্ম ইন্ডাস্ট্রির চলমান সঙ্কট নিয়ে কথা বলার অনুমতি চেয়েছিলেন সমাজতন্ত্র পার্টির সাংসদ জয়া বচ্চন। পরে তাকে কথা বলার অনুমতি দেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

অনুমতি পাওয়া মাত্রই বলিউডের সম্মানহানি নিয়ে সরব হন তিনি। বলেন, ‘দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে সঙ্কট চলছে। এমন পরিস্থিতিতে বিনোদন জগতের বদনামের চেষ্টা করা হচ্ছে। লাখ লাখ মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। এমনকি প্রতি বছরই সর্বোচ্চ করদাতাদের তালিকায় প্রথম সারিতে বিনোদন জগতের মানুষরাই থাকেন। শুধু তাই নয়, দেশের নানা রকমের বিপর্যয়ে সরকারের পাশে দাঁড়ান তারা। অথচ কিনা এই সংকটের সময় কয়েকজন মানুষের জন্য গোটা বিনোদন জগতকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। ফিল্ম ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা করা হচ্ছে।’

জয়া আরও বলেন, দেশের সাধারণ মানুষের নজর অন্যদিকে প্রভাবিত করতেই এমনটা করা হচ্ছে। খুব শিগগিরই এর বিরুদ্ধে সরকারের পদক্ষেপ গ্রহন করা উচিত। ইন্ডাস্ট্রির দুর্দিনে সরকারের উচিত তাদের পাশে দাঁড়ানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দোষারোপের পালা বন্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন অমিতাভ পত্মী জয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি