সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় সুর সম্রাট শচীন দেবের জন্মদিন উদযাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০২০

ডেস্ক রিপোর্টঃ

করোনার প্রাদুর্ভাবের কারনে স্বল্প পরিসরে কুমিল্লায় সঙ্গীতের বরপুত্র, সুর সম্রাট শচীন দেব বর্মণের ১১৪ তম জন্মদিন পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-এ সার্কেল) তানভীর সালেহীন ইমন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পাপড়ী বসু, জেলা কালচারাল কর্মকর্তা আয়াজ মাবুদ, অ্যাডভোকেট গোলাম ফারুকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সকালে নগরীর উত্তর চর্থায় তার পৈত্রিক বাড়ির সামনে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জেলা প্রশাসনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় জেলা পুলিশ, কুমিল্লা কালচারাল কমপ্লেক্স, অজিতগুহ কলেজসহ বিভিন্ন সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

উল্লেখ্য,

শচীন দেব বর্মণ ১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লার নবাববাড়ি সংলগ্ন দক্ষিণ চর্থায় জন্মগ্রহণ করেন। তার বাবা নবদ্বীপ কুমার বর্মণ ১৮৭০ সালের মাঝামাঝি সপরিবারে কুমিল্লা এসে বসতি স্থাপন করেন। তিনি তৎকালীন ত্রিপুরার মহারাজ বীর চন্দ্র মানিক্য বাহাদুরের ভাই ছিলেন।

শচীন দেব বর্মণ কুমিল্লা জিলা স্কুল থেকে এন্ট্রান্সের পর ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯২৪ সালে বিএ পাস করেন। ততোদিনে তার সংগীতের প্রতিভা ছড়িয়ে পড়ে গোটা দেশে। গানের নেশায় রাজ পরিবার ছেড়ে শচীন দেব গ্রামগঞ্জে ঘুরে বেড়াতেন।

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি