ডেস্ক রিপোর্টঃ
ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আজ রোববার (৪ অক্টোবর) দুপুরে এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি আবু আবদুল্লাহ এনটিভি অনলাইনকে এ খবর নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন মাহফুজা চৌধুরীর গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমা।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। এ ঘটনায় নিহতের স্বামী ইসমত কাদির গামা মামলা করেন। পরে গৃহকর্মী স্বপ্না ও রেশমা এবং দুই গৃহকর্মীর জোগানদাতা রুনু বেগমকে গ্রেপ্তারের পর রিমান্ডে পাঠায় পুলিশ।
আরো জানা গেছে, এ ঘটনায় স্বপ্না ও রেশমা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ২০১৯ সালের ২১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার দুই গৃহকর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রুনু বেগমের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় তাঁকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মাহফুজা চৌধুরী ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন।























































