রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সেলেব্রিটি হোক বা না হোক, বন্ধুরাই বিল দেয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০২০


বিনোদন ডেস্কঃ

বলিউড কিং খ্যাত শাহরুখ খান জানিয়েছেন বাইরে কোথাও বের হলে তিনি কখনও পকেটে টাকা রাখেন না। তার বন্ধুরাই হোটেলের যাবতীয় খরচ মিটিয়ে দেয়।

সম্প্রতি আয়োজিত এমনই এক আসরের এসব তথ্য জানান শাহরুখ খান নিজেই। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজারে এ খবর প্রকাশ করা হয়।

খবরে বলা হয়, শাহরুখ খানকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৮ সালে ‘জ়িরো’য়। প্রায় দু’বছর পরেও তার আগামী ছবি নিয়ে আলোচনায় আসেন না শাহরুখ খান। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’-এ তিনি আছেন, তা প্রায় নিশ্চিত। তবু আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি।

কিন্তু এই দীর্ঘ সময়ে দর্শকের নজরে থাকার জন্য শাহরুখ প্রায়ই টুইটারে অংশ নেন ‘আস্কএসআরকে’ পর্বে।

স্বভাবোচিত সরস ভঙ্গিতেই ধরা দিলেন কিং খান। সেলেব্রিটি নন, এমন বন্ধুদের সঙ্গে বাইরে খেতে গেলে শাহরুখ কি বিল মেটান?

তাঁর জবাব, ‘‘সেলেব্রিটি হোক বা না হোক, বন্ধুরাই বিল দেয়। আমি টাকা বহন করি না।’’

গত দশ বছরে ভাল স্ক্রিপ্ট না বাছার জন্য আফসোস হয়? ‘‘বিশ্বাস সবটাই নিজের কাছে। বাকি সাফল্য ও স্বীকৃতি দর্শকের হাতে,’’ অল্প কথায় তাঁর জবাব। তাঁর জন্মদিনে ‘মন্নত’-এর সামনে অনুরাগীদের ভিড় না করার আর্জি রেখেছেন বাদশা।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যায়, তিন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কিং খান। সেগুলো হচ্ছে- বলিউডের সফল পরিচালক সিদ্ধার্থ আনন্দের সিনেমা ‘পাঠান’, রাজকুমার হিরানির নাম ঠিক না হওয়া একটি ‘সামাজিক কমেডি’, আর তামিল পরিচালক অ্যাটলি কুমারের অ্যাকশনধর্মী একটি বাণিজ্যিক সিনেমা।

এবার নতুন খবর হচ্ছে– তামিল পরিচালক অ্যাটলি কুমারের অ্যাকশনধর্মী সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান। এই ছবিতে তিনি ভারতীয় শীর্ষ গোয়েন্দা সংস্থার তদন্ত কর্মকর্তা ও শীর্ষ সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি