শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ১৪ বছর কারাজীবনের পর বাড়ি ফিরেই ভাই ভাবিকে এলোপাথাড়ি কুপিয়ে আহত


১৪ বছর কারাজীবনের পর বাড়ি ফিরেই ভাই ভাবিকে এলোপাথাড়ি কুপিয়ে আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

বরিশালের হিজলায় ১৪ বছর কারাজীবন শেষে জেল থেকে বেরিয়ে আপন ভাই ও ভাবিকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শনিবার (২৮নভেম্বর) রাতে নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার গুয়াবাড়ীয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মৃত হাসেম বাবুর্চির ছেলে দুলাল বাবুর্চি ও তার স্ত্রী নিলুফা বেগম।

তাদের উদ্ধার করে স্বজনরা শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে দুলালের অবস্থা আশঙ্কাজনক। তার বাম পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। হামলাকারী নুরু বাবুর্চির বিরুদ্ধে হিজলাসহ বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি নুরু একটি অস্ত্র মামলায় ১৪ বছর সাজা খেটে কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরে।

পুলিশ জানায়, শনিবার রাতে বড়ভাই দুলাল বাবুর্চি বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে পূর্ব পরিকল্পিত ভাবে ছোটভাই নুরু বাবুর্চি ধারালো অস্ত্র দিয়ে তার (দুলাল) মাথায় আঘাত করে। আঘাতে দুলাল মাটিতে লুটিয়ে পড়ে। এরপর শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি কোপাতে থাকে নুরু। এ সময় নিজের স্বামীকে রক্ষা করতে দুলালের স্ত্রী নিলুফা বেগম এগিয়ে গেলে তাকেও কোপায় নুরু।

হিজলা থানার ওসি অসীম কুমার জানান, নুরু বাবুর্চি দুর্ধর্ষ সন্ত্রাসী প্রকৃতির লোক। সম্প্রতি সে কারাগার থেকে মুক্ত হয়। মুক্ত হয়েই সে আগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নুরুকে আটকের চেষ্টা চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি