শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বসলো পদ্মাসেতুর ৪০তম স্প্যান, বাকি রইলো আর ১টি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

বসল পদ্মাসেতুর ৪০তম স্প্যান। বসবে মোট ৪১টি। আজ শুক্রবার সকাল ১০টা ৫৮ মিনিটের দিকে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১১ ও ১২ নম্বর পিলারের ওপর নতুন স্প্যানটি বসানোর পর বাকি রইল আর একটি মাত্র স্প্যান।

নতুন স্প্যানটি বসার পর পদ্মা সেতুর ছয় কিলোমিটার দৃশ্যমান হলো। পদ্মা সেতুর সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

পদ্মা সেতুতে ৩৯তম স্প্যান বসানোর ৮ দিনের মাথায় বসানো হলো ৪০ তম স্প্যান। আর একটি মাত্র স্প্যান বসানো হলে পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ শেষ হবে। ৪১তম স্প্যান বসানো হলে সেতুটির ৬ হাজার ১৫০ মিটার সেতুর অবকাঠামো দৃশ্যমান হবে। গত দুই মাসে সেতুতে ৮টি স্প্যান বসিয়ে রেকর্ড তৈরি করেছেন দেশি-বিদেশি প্রকৌশলীরা। বিজয়ের মাসে ১৫ ডিসেম্বরের মধ্যে স্প্যান বসানোর কাজটি সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী পদ্মা সেতু সংশ্লিষ্টরা।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতুর অবয়ব। এর পর একে একে বসানো হয় ৩৯টি স্প্যান। ৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যরে ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সবগুলো পিয়ার দৃশ্যমান হয়েছে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে একই দেশের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোনেম লিমিটেড।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। এর নিচ তলা দিয়ে চলবে ট্রেন, উপর তলা দিয়ে চলবে সাধারণ পরিবহন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি