ডেস্ক রিপোর্ট:
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার বিকেলে হাইকোর্ট বিভাগের নির্দেশ মোতাবেক ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
আসামিদের পক্ষে জামিনের আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী প্রাণনাথ। দুদকের পক্ষে শুনানি করেন বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
এর আগে, ২২ ডিসেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ ২৮ ডিসেম্বরের মধ্যে তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।
১০ ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী ও মেয়েকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশের পর তারা নিম্ন আদালতে গেলে সেটি আদালতের ছুটি চলাকালে নাকি পরে হবে তা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। পরবর্তীতে তারিখ পিছিয়ে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের আদেশ দেন হাইকোর্ট।
এছাড়া ১০ ডিসেম্বর কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ প্রতীয়মান হয়নি মর্মে প্রতিবেদন দেয়ায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. আরেফিন আহসান মিঞাকেও তলব করেন আদালত। আগামী ৪ জানুয়ারি দুপুর ১২টায় আদালতে সশরীরে উপস্থিত হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট। আদালত এ বিষয়ে রুলও জারি করেন
উল্লেখ্য, গত ১১ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগে পাপুল ও তার স্ত্রী সেলিনা এবং মেয়ে ওয়াফাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অপর আসামি হলেন- সেলিনার বোন জেসমিন প্রধান।























































