ডেস্ক রিপোর্টঃ
কুষ্টিয়ার কুমারখালীতে দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর রহস্যজনক আত্মহত্যার পর চতুর্থ স্ত্রীকে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে অবশেষে সেই আলোচিত ভণ্ড প্রেমিক-স্বামী রবিউল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (০৩ জানুয়ারি) দুপুরে কুমারখালীর হলবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভণ্ড প্রেমিক রবিউল উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত. শাজাহান প্রামাণিকের ছেলে।
এর আগে শনিবার (২ জানুযারি) চতুর্থ স্ত্রী মৌসুমি আক্তারের মামা ও বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে কুমারখালী থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনের আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন।
মামলার বাদী শহিদুল বলেন, শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত. শাজাহান প্রামাণিকের ছেলে রবিউল আলম ২ বছর আগে কলেজে পড়াকালীন মৌসুমি খাতুনকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন। বিয়ের পর থেকেই মৌসুমিকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। রবিউল আলম, তার মা ভানু খাতুন, চাচা আহমদ আলী রেনু ও বোন শাহিদা খাতুন ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে তার ওপর চাপ প্রয়োগ করে। গত ৩০ ডিসেম্বর বিকেলে মৌসুমি খাতুন ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, রবিউল আলমসহ ৪ জনের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি রবিউলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, রবিউল আলম ১৬ বছর আগে ২০০৪ সালে প্রথম বিয়ে করেন। প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ির পর কল্যাণপুরের সাকিরের মেয়ে জোসনাকে বিয়ে করেন তিনি। নির্যাতন সইতে না পেরে জোসনা একটি ছেলে সন্তান রেখে আত্মহত্যা করেন। এর এক বছরের মাথায় রবিউল দয়ারামপুর গ্রামের সাজাইয়ের মেয়ে মনিরাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন। তবে তাদের সংসার বেশিদিন স্থায়ী হয়নি। অন্তঃসত্ত্বা অবস্থায় আত্মহত্যা করেন মনিরা।
তারপর গত দুই বছর আগে শহিদুল ইসলাম পালক কন্যা মৌসুমিকে বিয়ে করেন। এরই মাঝে গোপনে রাজিয়া সুলতানা নামে আরেক তরুণীকে বিয়ে করে শহরে বসবাস করছে রবিউল। চতুর্থ স্ত্রীর রহস্যজনক মৃত্যুর পর পালিয়ে যায় রবিউল।























































