টাঙ্গাইলের মধুপুর পৌরসভার পুণ্ডুরা (পূর্বপাড়া) এলাকায় কলেজপড়ুয়া এক শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
রোববার (১৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটেছে। পুণ্ডুরা (পূর্বপাড়া) এলাকার মৃত. মোনছের আলীর মেয়ে শারমীন সুলতানা মীম। তিনি মধুপুর শহীদ স্মৃতি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও মীমের পরিবার জানায়, সকালের নাস্তা করে মীমের মা তাকে বাড়িতে রেখে তার ভাইয়ের জন্য খাবার নিয়ে পার্শ্ববর্তী একটি নুরানী মাদ্রাসায় যান। এরপর মাদ্রাসা থেকে ফিরে এসে দেখেন মীমের ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরেও না খোলায় পাশের রুম জানালা দিয়ে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে।
এমতাবস্থায় তাকে দ্রুত তার মা এবং নানীসহ কয়েকজন ঘরের দরজা ভেঙে খাটের ওপরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় ওড়না কেটে নামায় তাকে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল ও তদন্ত কর্মকর্তা (এসআই) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ উপপরিদর্শক (তদন্ত কর্মকর্তা) তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত যে, কলেজছাত্রীটি আত্মহত্যা করেছেন।























































