কারাবন্দি আসামির পরিবারের কাছ থেকে জামিনের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গাইবান্ধা জেলা কারাগারের কারারক্ষী রেজাউলের বিরুদ্ধে। অভিযুক্ত কারারক্ষীর বক্তব্য আনতে গেলে সাংবাদিকদের এক ঘণ্টা আটকে রাখা হয় কারাগারে। তবে শেষ পর্যন্ত টাকা নেওয়ার অভিযোগ স্বীকার করেছেন ওই কারারক্ষী।
স্ত্রী স্বপ্নার অভিযোগ, কারাবন্দি স্বামী সুকুমারের জামিনের কথা বলে রায়হান, জেলা কারাগারের কারারক্ষী রেজাউল ও রবিউল বাড়িতে গিয়ে আড়াই লাখ টাকা দাবি করেন। স্বজনদের তদবিরে গত ১৪ জানুয়ারি উচ্চ আদালত থেকে সুকুমারের জামিনের আদেশ হয়। জামিন বাতিলের ভয় দেখিয়ে স্বপ্নার ভাশুর আনন্দ কর্মকারের কাছ থেকে এক লাখ টাকাও নেয় রেজাউল।
কারাবন্দি সুকুমারের ভাই আনন্দ কর্মকার বলেন, রেজাউল বলেছে টাকা না দিলে জামিন বাতিল হয়ে যাবে। তখন আর কখনো জামিন পাওয়া যাবে না। এরপর জামিনের জন্য আমি এক লাক টাকা দেই রেজাউলকে।
কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অভিযুক্ত রেজাউলের বক্তব্য জানতে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা কারাগারে যায় সময় সংবাদের প্রতিবেদক। ক্যামেরা দেখেই কারা ক্যান্টিন থেকে সটকে পড়েন রেজাউল। এরপর অন্য কারারক্ষীরা প্রতিবেদক ও চিত্র সাংবাদিককে ধাক্কা দিয়ে বের করে দেন। পরে রেজাউল কারাগারের বাইরে প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন।
অভিযুক্ত কারারক্ষী রেজাউল টাকা নিয়েছেন কি না-জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, আমি কোনো টাকা নেইনি।
কিছুক্ষণ পরই জেল সুপারের দেহরক্ষী প্রতিবেদক ও চিত্র সাংবাদিকের কাছ থেকে ক্যামেরা, মোবাইল জমা নিয়ে তাদের কারাগারের ভেতরে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত রেজাউল টাকা নেওয়ার কথা স্বীকার করে সংবাদ প্রচার না করার অনুরোধ জানায়। এ সময় প্রতিবেদককে অবৈধভাবে অর্থ দেওয়ারও প্রলোভন দেখানো হয়। পরে এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করে সময় সংবাদের প্রতিবেদক।
এদিকে উচ্চ আদালত থেকে জামিনের পর সুকুমারের পরিবার তাদের আইনজীবীর মাধ্যমে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে জামিননামা দাখিল করে। অন্যদিকে কারারক্ষী রেজাউলের দালাল রায়হানও আরেক আইনজীবীর মাধ্যমে একই আসামির জামিননামা দাখিল করে। পরে আদালত জ্যেষ্ঠ আইনজীবীর মধ্যস্থতায় একটি জামিননামায় উভয় আইনজীবীর স্বাক্ষরে আসামিকে মুক্তির আদেশ দেন।























































