ডেস্ক রিপোর্টঃ
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিনের বিষয়ে আদেশ দেয়া হবে আজ রোববার ( ২৩ মে) । বৃহস্পতিবার জামিন শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চুয়াল আদালত আজ আদেশের জন্য দিন ধার্য করেন।
এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চুয়াল আদালতে জামিন আবেদনের শুনানি হয়, যা চলে ২টা পর্যন্ত। আদালত শুনানি শেষে তাৎক্ষণিক আদেশ না দিয়ে নথি পর্যালোচনা করে আজ আদেশের জন্য দিন ধার্য করেন।
এদিকে রোজিনার মুক্তির দাবিতে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।
জাতীয় প্রেস ক্লাবে শনিবার সকালে সাংবাদিকদের পাঁচটি সংগঠন যৌথ বৈঠক করে। সেখানে রোজিনার নিঃশর্ত মুক্তিসহ বিভিন্ন দাবিতে তিন মন্ত্রীর সঙ্গে আজ সাক্ষাতের সিদ্ধান্ত হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের সামনে প্রতীকী অনশন করেন নারী সাংবাদিকরা। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল।
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করা হয়। রাত সাড়ে আটটার দিকে তাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাত পৌনে ১২টার দিকে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়।
শুনানিতে রোজিনা ইসলামের আইনজীবীরা বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, সৃজিত ও উদ্দেশ্যমূলক। জামিন পাওয়ার অধিকার তিনি সংরক্ষণ করেন। এটা তার প্রাপ্য। তবে মামলার ধারাগুলো জামিন অযোগ্য বলে দাবি করে রাষ্ট্রপক্ষ।
শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৮ মে রোজিনা ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ তাকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি নিয়ে আদালত রিমান্ডের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য বৃহস্পতিবার দিন রাখেন। এই আদেশের পর রোজিনা ইসলামকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়।























































