শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে জোয়ারের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৫.২০২১


ডেস্ক রিপোর্টঃ

বরিশালের বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ মে) উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- উপজেলার নিয়ামতি ইউনিয়নের ঢালমারা গ্রামের হাফিজুর রহমানের মেয়ে সুমাইয়া আক্তার (৩) ও গারুরিয়া ইউনিয়নের রুনসী পশুরি গ্রামের আজগর আলীর মেয়ে আজওয়া আক্তার (৩)।

সুমাইয়ার স্বজনরা জানান, জোয়ারের পানিতে বসতবাড়ির আশপাশ পানিতে প্লাবিত হয়। পরিবারের সদস্যদের অগোচরে সুমাইয়া ঘর থেকে বের হয়। তাকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পুকুর পাড়ে পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজওয়ার স্বজনরা জানান, দুপুরে বাড়ির সামনে জোয়ারের পানিতে খেলছিল আজওয়া। ঘণ্টাখানেক পর পরিবারের সদস্যরা বাড়ির পাশে ডোবায় ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. ফারিয়া বলেন, সুমাইয়া ও আজওয়াকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন মিলন জোয়ারের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি