শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মায়ের খোঁজে মর্গে ছয় বছরের পাখি


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৭.২০২১

ডেস্ক রিপোর্ট:

পরিবারের খোঁজ নেন না বাবা। নাজমা বেগম ও তার ১৩ বছরের ছেলের আয় দিয়ে সংসার চলত। ৬ বছরের মেয়েকে তার বড় বোনের বাড়িতে রেখে অফিসে যেতেন নাজমা। রাতে বাড়ি ফেরার পথে মেয়েকে নিয়ে যেতেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানার আগুনে ছেলে বেঁচে গেলেও মা নাজমার খোঁজ মিলছে না। তাকে খুঁজে না পাওয়ায় অন্ধকার নেমে এসেছে এ পরিবারে। তার সন্তান ও স্বজনরা ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে গিয়েও খোঁজ পাচ্ছেন না নাজমার।

নাজমা বেগম প্রতিদিন ১৩ বছরের ছেলে নাজমুল হোসেনকে সঙ্গে নিয়ে কারখানায় কাজে যেতেন। মা ৩ তলায় আর ছেলে দোতলায় কাজ করত। বৃহস্পতিবার বিকেল ৪ টায় ছেলের ছুটি হয়ে যাওয়ায় সে বাসায় গেলেও তার মাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না।

মাকে খুঁজতে নাজমুল ৬ বছরের ছোট বোন ও খালা-মামাকে নিয়ে ঢাকা মেডিকেলের মর্গে ছুটে বেড়াচ্ছেন। পরিবারের সদস্যদের শনিবার ঢাকা মেডিকেলের মর্গের সামনে আহাজারি করতে দেখা যায়।

নাজমুল জানান, তার বাবা আফজাল রিকশাচালক। তিনি পরিবারের খরচ দেন না। বাধ্য হয়ে তার মা গত সাড়ে ৩ বছর ধরে হাসেম ফুড অ্যান্ড বেভারেজে চাকরি করতেন। ১ বছর আগে সেখানে নাজমুলের কাজের ব্যবস্থাও করেন তার মা।

ঘরে ৬ বছরের মেয়ে পাখিকে তার বড় খালার বাসায় রেখে মা ও ছেলে চাকরি করত। ভালোই চলছিল তাদের পরিবার। গত বৃহস্পতিবার মা-ছেলে একসঙ্গে অফিস যান। বিকেল ৪ টায় নিজের ছুটি হওয়ার পর তৃতীয়তলায় গিয়ে মা নাজমা বেগমকে বলে অফিস থেকে বের হয় নাজমুল। কোনো সমস্যা হলে নাজমা বেগমকে ফোনও দিতে বলেন ছেলে নাজমুল।

নাজমুল বলে, ‘আমি বের হওয়ার ১ ঘণ্টা পর এলাকার ১ জন আইসা কয়, কারখানায় আগুন লাগছে। এইটা শুইনা আমি দৌড়ে যাই। গিয়ে দেখি, ভেতর আগুন জ্বলতেছে। মায়ের কাছে যাইতে চাইলে গেটের দারোয়ান ঢুকতে দেয় না। পরে পেছনের দেয়াল টপকাইয়া ভেতরে যাই।’

সে আরও বলে, ‘হেই সময় আগুন ছড়ায় গেলে বিল্ডিংয়ের ভেতরে যাইতে পারি নাই। কয়েকজন দৌড়াইয়া বাহির হইতে দেখি। তাগো কাছ জিজ্ঞাস করলে কয় তিনতালার গেটে সুপারভাইজার ও লাইনম্যান তালা লাগাইছে বলে কেউ বাহির হইতে পারে নাই। শুরুতে কিছু বাহির হইলেও তালা লাগায় দেয়ায় তৃতীয় ও চত্র্থু তালার সবাই আটকে পড়েছে।’

কান্নাজড়িত কণ্ঠে নাজমুল আরও বলে, ‘কারখানায় ভেতরে গিয়ে মায়ের মোবাইল নম্বরে ফোন দিয়েই যাই। রিং হলেও কেউ তা রিসিভ করেনি। বিকেল ৫ টা থেকে রাত ১২ টার পর্যন্ত মোবাইলে কল ঢুকছিল। তবে রাত ১২ টার পর মোবাইল বন্ধ হয়ে যায়।’

এরপর অনেক বার নাজমুল চেষ্টা করলেও মায়ের ফোনে কল দিতে পারেনি। সেই থেকে মাকে খুঁজে ফিরছে নাজমুল ও তার পরিবার।

নাজমুল আরও জানায়, ছয়তলা কারখানার সব ফ্লোরে কয়েকশো শিশু কাজ করত। তাদের মধ্যে ছেলে ও মেয়ে শিশুও ছিল। কারখানার সুপারভাইজার ও নিরাপত্তা কর্মকর্তা মিলে শিশুদের কাজে নিতেন।

নাজমুলের মা সাড়ে ৩ বছর কাজ করেও মাসিক সাড়ে ৫ হাজার টাকা বেতন পেলেও ১৩ বছরের নাজমুল ছেলে হওয়ায় তাকে ৬ হাজার টাকা বেতন দেয়া হত। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সাধারণ ডিউটি ছিল। এরপরে কাজ করলে ওভারটাইম দেয়া হতো।

নাজমরার ৬ বছরের শিশু পাখি জানায়, বৃহস্পতিবার মা অফিসে যাওয়ার সময় তাকে ভালোভাবে থাকতে বলছে। ঠিকমতো খাইতে ও ঘুমাতে বলে মা চলে গেছে। আর বাসায় আসেনি।

তার মা আর কোনোদিন ফিরবে না হয়তো এই শিশু তা অনুধাবন করতে না পারলেও তার ভাই-খালাদের আর্তনাদে সেও মন খারাপ করে মাকে খুঁজছে। খালাদের কাছে পাখি তার মায়ের কথা বারবার জিজ্ঞাসা করছিল।

নাজমরা বড় ভাই ফারুক হোসেন বলেন, আমার ছোট বোন ও তার ছেলে মিলে একই কারখানায় কাজ করে সংসার চালাত। দু’জনের আয় দিয়ে ভালোভাবে পরিবার চলতো।

তিনি বলেন, ২ দিন পার হয়ে গেলেও আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সবাই পাগলের মতো খুঁজে যাচ্ছি। ঢাকা মেডিকেলে নাজমুলের ডিএসএ নমুনা নিয়েছে। ১ মাসের মধ্যে রির্পোট দেয়া হবে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।

বাবা খোঁজ নেয় না, মাও হারিয়ে গেল। এ অবস্থায় শিশু ২ সন্তানের ভবিষ্যত অন্ধকার হয়ে পড়েছে বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি