ডেস্ক রিপোর্টঃ
ঢাকার সাভারে অস্ত্র ও গুলিসহ রাকিব হোসেন ওরফে কমান্ডো (২৮) নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৭ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম।
এর আগে বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় একজন কনস্টেবলকে সাথে নিয়ে এসআই জাহিদ খান তার মোটরসাইকেলে করে হেমায়েতপুর পূর্বহাটী চেয়ারম্যান বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় সেখানে অনেক মানুষের জটলা দেখতে পেয়ে এগিয়ে যান। তখন ওই জটলা থেকে দুই যুবক পুলিশ দেখে দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে।
তখন তাদের ধাওয়া করে রাকিব হোসেন ওরফে কমান্ডো নামে এক ব্যক্তিকে ধরতে পারলেও বুলবুল নামের অপর একজন পালিয়ে যায়। পরে আটককৃতের দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়। এসময় অস্ত্রের উৎসের ব্যাপারে রাকিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ আরও জানায়, আটক রাকিব আসন্ন ইউপি নির্বাচনে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিনের দেহরক্ষী বলে নিজের পরিচয় দিয়েছেন। তিনি পূর্বহাটি ও নতুনপাড়া এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অস্ত্র উচিয়ে এলাকার ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টির লক্ষে মহড়া দিয়ে আসছিলো।
এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, আটক সন্ত্রাসীর বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।























































