ডেস্ক রিপোর্ট:
দেশে ও দেশের বাইরে সরকারি বা ব্যক্তিগত সফরের ক্ষেত্রে নিয়ম মানছেন না সচিবরা । তাদের বিদেশ সফরের বিষয় জানানো হচ্ছে না মন্ত্রিপরিষদ সচিবকে। সকল সচিবের দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে এ সচিবকে লিখিতভাবে জানানোর কথা থাকলেও তা মানা হচ্ছেনা। এ কারণে ব্যাহত হচ্ছে সরকারের অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম। এমনকি অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের দেশের বাইরে যাওয়ার কথা জানতে পারছেন তিনি। এতে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে সরকারের মন্ত্রিপরিষদ সচিবকে। এজন্য সচিদের বিদেশ যাওয়ার কর্মসূচী মন্ত্রিপরিষদ বিভাগকে জানানোর ব্যাপারেও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্র জানায়, সরকারের সিনিয়র সচিব ও সচিবরা কখন কোথায় যাচ্ছেন তা অনেক ক্ষেত্রে সরকার জানতে পারছে না। গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় সময়মতো তাদের না পেয়ে নানা অনাকাঙ্খিত পরিস্থিতি পড়তে হচ্ছে। এ অবস্থার নিরসন করতে সব সিনিয়র সচিব ও সচিবকে তাদের ভ্রমণসূচি পাঠানোর নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে গত রোববার। এরপর দিন সোমবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনার কপি পাঠানো হয়েছে।
জানা গেছে, অনেকটা গাঁছাড়াভাবে চলাচল করছেন সরকারের সচিবরা। বিশেষ করে করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে এ প্রবণতা তীব্রভাবে দেখা দিয়েছে। এর প্রভাব শুধু বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগেই পড়ছে না, অধিদপ্তর, দপ্তর, সংস্থাগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে তৃণমুল পর্যায়ের পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশনগুলোতেও।
সম্প্রতি ঢাকার কাছের এক সিটি করপোরেশনের মেয়রের হদিস পাওয়া যাচ্ছিল না। তিনি প্রায়ই এ ঘটনা ঘটান। ওই মেয়রের মতো অনেক সচিবকেও শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকরা খুঁজে পান না। সচিবদের প্রধান হিসেবে মন্ত্রিপরিষদ সচিবও অনেক সময় কিছু সচিবের অবস্থানের তথ্য জানেন না। সচিবদের দেশের ভেতরে কর্মস্থল ছাড়তে হলে মন্ত্রিপরিষদ বিভাগকে জানানোর নিয়ম রয়েছে। সচিবরা তা তো অনুসরণ করেনই না-অনেকে বিদেশে গেলেও তা মন্ত্রিপরিষদ বিভাগকে জানান না। এ বছর জাতিসংঘের সাধারণ অধিবেশেনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর পররাষ্ট্র সচিব আমেরিকায় যান। তার সফরসূচি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয় ১৯ সেপ্টেম্বর। সচিবদের বিদেশ যেতে হলে মন্ত্রণালয় থেকে সারসংক্ষেপ পাঠাতে হয় প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী অনুমোদন করলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সরকারি আদেশ (জিও) জারি করে। এরপরই সরকারি কর্মকর্তারা বিদেশ যেতে পারেন। আর সচিবদের বিদেশ যাওয়ার আগে সেই ভ্রমণসূচি মন্ত্রিপরিষদে পাঠাতে হয়। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হওয়ার কারণে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের চুক্তি হচ্ছে। অনেক সচিব বিদেশ গিয়ে সমঝোতা স্মারক সই করছেন। কে কোথায় কী সই করছেন তা জানা সরকারের জন্য জরুরি। বিদেশের সঙ্গে এসব চুক্তি বা সমঝোতা স্মারক সই করতে হলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হয়। বিষয়গুলো মন্ত্রিপরিষদ বিভাগ জানতে পারলে সরকারের পক্ষে সমন্বয় করার সুযোগ থাকে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা।
ওই কর্মকর্তা জানান, কিছু কর্মকর্তা আছেন বিদেশ শুনলেই যেতে চান। জুনিয়র কর্মকর্তাদের জন্য আমন্ত্রণ পত্র এলেও সেখানে সচিবদের অংশ নেওয়ার আগ্রহ দেখা যায়। অথচ সরকারের পলিসি হচ্ছে জুনিয়র কর্মকর্তাদের বেশি করে বিদেশ পাঠানো। তারা যেন বিদেশ গিয়ে প্রাপ্ত অভিজ্ঞতার বিষয়টি দেশে প্রয়োগ করার সুযোগ পান। দেশে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর নিয়ে চলছে যাচ্ছে তাই। কে কখন কোন কাজে কোন দেশে কতবার যাচ্ছেন, তার কোনো সুনির্দিষ্ট তথ্য সংরক্ষিত নেই। ফলে একজন কর্মকর্তা ঘনঘন বিদেশ যাত্রার সুযোগ পাচ্ছেন। আবার অনেকে বছরে একবারও বিদেশ যাওয়ার সুযোগ পান না।
উল্লেখ্য, সরকারের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০১১ সালের ১৯ জুন পরিপত্র জারি করেছে। সেই পরিপত্র অনুযায়ী বিদেশে শিক্ষা সফর, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কসপে সচিবের বদলে জুনিয়র কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মকর্তা বা মধ্য সারির কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। মন্ত্রণালয়ের সচিব, অধীস্থ’ দপ্তরপ্রধান, যুগ্মসচিবদের একসঙ্গে বিদেশ যাওয়ার বিষয়টি নিরুৎসাহিত করা হলেও তা প্রায়শই মানা হয় না।























































