শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১১ বছরের শিশুকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০২২

ডেস্ক রিপোর্ট:

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের একটি মাঠে এক শিশুকে ইট দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইটের আঘাতে তার মাথা থেঁতলে গেছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর যে কোনো সময়ে নৃশংস এ হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত শিশুর নাম শুভ হালদার (১১)। সে নগরীর আনিস বিশ্বাস আদর্শ স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম ইব্রাহিম হালদার।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আবাসিক এলাকার ১৪ নম্বর রোডের একটি খোলা মাঠের কোনায় রক্তাক্ত অবস্থায় শিশুটির মরদেহ পড়ে আছে। তার মাথা, গলা, হাতসহ শরীরের একাধিক জায়গায় ইটের আঘাতের চিহ্ন।

হত্যার সময় দুর্বৃত্তদের সঙ্গে শিশুটির ধস্তাধস্তির আলামত পেয়েছে পুলিশ। সেখান থেকে রক্তমাখা একটি ইট উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি নির্জন হওয়ায় হত্যাকারীরা নির্বিঘ্নে শিশুকে হত্যা করে পালিয়ে যায় বলে পুলিশের ধারণা।

নিহতের বাবা ভাঙারি বিক্রেতা ইব্রাহিম হাওলাদার বলেন, শুভ তাদের একমাত্র সন্তান। সকালে ছেলেকে নাস্তা খাইয়ে ভ্যান নিয়ে তিনি বাইরে বের হন। মাও ঘরের বাইরে যায়। পরে তারা হত্যাকাণ্ডের বিষয়ে জানতে পারেন।

নিজ সন্তানের হত্যার খবরে বারবার মূর্ছা যাচ্ছিলেন বাবা-মা। হত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ ও শিশুটির পরিবার।

এ বিষয়ে নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমতাজুর রহমান বলেন, হত্যাকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি