ডেস্ক রিপোর্ট:
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় স্বামী, স্ত্রী ও শিশু দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন স্বামী ও স্ত্রী মারা গেছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সোমবার ভোর ৫টায় মারা যান জেসমিন আক্তার খাদিজা (২৫) ও সকাল ৮টায় মারা যান তার স্বামী আবদুল করিম লিটন (৩০)।
মৃত্যুর তথ্য নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক আইয়ুব হোসেন জানান, আবদুল করিমের শরীরের ৫৪ শতাংশ এবং তার স্ত্রী জেসমিন আক্তারের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। বর্তমানে চিকিৎসাধীন ফাতেমার শরীরেরও ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান এ চিকিৎসক।
নিহত আবদুল করিম পেশায় মুদি দোকানি ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার বোনকোলা রাঘবপুর গ্রামে।
এর আগে বৃহস্পতিবার ভোরে যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি বাসার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণ হয়ে স্বামী, স্ত্রী ও শিশু ফাতেমা দগ্ধ হন। এর পর তাদের তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়।
খাদিজার বড় ভাই সুরুজ রানা গণমাধ্যমকে জানান, মাতুয়াইল আরাবাড়ি বটতলা এলাকায় চারতলা বাড়ির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন আবদুল করিম। বৃহস্পতিবার ভোরে খাদিজা সাহরি রান্নার জন্য গ্যাসের চুলায় ম্যাচ জ্বালালে হঠাৎ সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে বাসার সবাই দগ্ধ হন। গ্যাসের লিকেজ থেকে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করেন তারা।























































