শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০২২

ডেস্ক রিপোর্ট:

পটুয়াখালীর গলাচিপায় মুন্নি বেগম (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার চরকাজল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মুন্নি বেগম ভোলা জেলার চরফ্যাশনের কলমি ইউনিয়নের মোসলেম প্যাদার মেয়ে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। নিহতের পরিবারের দাবি, মুন্নিকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে শ্বশুরবাড়ির লোকজন।

নিহতের স্বজন কবির প্যাদা জানান, গলাচিপার চরকাজল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শুক্কুর খানের ছেলে তুহিন খানের (৩৫) সঙ্গে সাত বছর আগে বিয়ে হয় মুন্নির। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। প্রায়ই মুন্নিকে যৌতুকের টাকার জন্য মারধর করত তুহিন। মেয়ের সুখের কথা চিন্তা করে মেয়ের জামাইকে ১ লাখ ২৫ হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দেন মোসলেম প্যাদা।

তিনি আরও বলেন, মুন্নি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে- জানিয়ে গত বৃহস্পতিবার দিনগত রাতে একটি ফোন আসে। আমার এক আত্মীয় আমাকে জানান, মুন্নি শরীরে কাদামাটি লাগানো ছিল, গলায় ফাঁস দিলে তার শরীরে কী করে কাদা মাটি থাকতে পারে। মুন্নির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, কীভাবে সে ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিতে পারে?

রেজাউল প্যাদা বলেন, এটা আত্মহত্যা নয়, এটা পরিকল্পিত হত্যা। আমরা এর বিচার চাই।

গলাচিপা থানা ওসি মো. এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না এটা হত্যা না আত্মহত্যা।

তিনি বলেন, এখন পর্যন্ত নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি