শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পদ্মায় বুয়েট ছাত্রের মৃত্যু : মামলায় ১৫ বন্ধু গ্রেপ্তার


পদ্মায় বুয়েট ছাত্রের মৃত্যু : মামলায় ১৫ বন্ধু গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০২২

ডেস্ক রিপোর্ট:

ঢাকার দোহারের মৈনটঘাটে সেলফি তুলতে গিয়ে পদ্মা নদীর পানিতে ডুবে বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানির (২৬) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার ( ১৫ জুলাই) রাতে দোহার থানায় এই মামলা করেন তার পরিবার। এ ঘটনায় সানির সঙ্গে মৈনটে ঘুরতে আসা আটক ১৫ বন্ধুকে গ্রেপ্তার দেখিয়েছে দোহার থানার পুলিশ।

নিহত তারিকুজ্জামান সানি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের ছাত্র ছিলেন। তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন-উর-রশিদের ছেলে। ঢাকার হাজারীবাগে ওই শিক্ষার্থী থাকতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, সানিসহ ১৬ জন বন্ধু মিলে বৃহস্পতিবার বিকেলে পদ্মাপাড় মৈনটে ঘুরতে আসেন। পাড়ে রাখা একটি ড্রেজার মেশিনের ওপরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান সানি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করা হলে রাত থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস প্রধান কার্যালয় ও দোহার ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল।

রাতে অনেক খোঁজাখুঁজির পরও সানির সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার ( ১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মৈনটঘাট থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে বুয়েট শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি