ডেস্ক রিপোর্ট:
ঘুষের বিনিময়ে কাজ করেন ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব উদ্দীন। তার ঘুষ নেওয়ার একটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওটি ‘আজকের বালিয়াডাঙ্গী’ ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। এ নিয়ে উপজেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সাত মিনিটের ওই ভিডিওতে দেখা যায় একজন সেবাগ্রহীতা সদ্য অনুমোদিত নামজারী (খারিজ) করতে এলে উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব উদ্দীন বলেন, ‘নামজারিতে একটি নাম ভুল হয়েছে। তা সংশোধন করতে হবে। এটি সংশোধন করতে সব মিলে এক হাজার টাকা লাগবে। এর থেকে কম হবে না কারণ কাগজটা সংশোধন করতে হলে এটি উপরে পাঠাতে হবে সেখানে টাকা চাবে। এজন্য টাকা লাগবে।’
তখন ওই সেবাগ্রহীতা বলেন, ‘শুনেন এতো টাকা কেন লাগবে আপনাকে আমরা ৬০০ টাকা দেবো। এ সময় নাজির শাকিব বলে উঠেন কতো ৬০০!, তাহলে ওদের কি দিবো আর আমি কি খাবো। সোজা কথা এক হাজার টাকা হলে আমি কাজটি করতে পারবো না হলে আমি পারবো না। এ সময় সেবাগ্রহীতা বলেন ‘শুনেন আপনি এখন ৭০০ টাকা নেন। কাজ শেষে বাকি টাকাটা দেবো।’ তখন শাকিব বলেন, ‘ও আচ্ছা এখন ৭০০ দিলেন বাকি টাকা কাজ হলে দিবেন। ঠিক আছে তাহলে মোবাইল নম্বরটা বলেন, আর ভুল নামটার ওখানে কি নাম হবে তা বলেন।’ পরে সেবাগ্রহীতাকে নাজির শাকিব বলেন, ‘শুনেন এখন যা হলো এগুলো বাইরে বলা যাবে না। না হলে তহসিল অফিস বলবে ও আমাকে বাদ দিয়ে ফাইল পাঠানো হলো। এগুলো ঝামেলা হয়ে যাবে তাই বলা যাবে না।’
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, যে কাজটির জন্য নাজির শাকিব টাকা নিয়েছিলেন সেটির আসলে তেমন কোনো ফি নেই। এটি সহজ প্রক্রিয়ায় সমাধান করা সম্ভব ছিল।
এদিকে উপজেলা ভূমি অফিসসহ ইউনিয়ন ভূমি অফিসগুলোর বিরুদ্ধেও নামজারী করার নামে ঘুষ নেওয়া ও খাজনার চেক কাটতে গেলে নির্ধারিত খাজনার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। ইতোমধ্যে ধর্মগড় কাশিপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা রেজাউল ইসলামের ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিও ভাইরাল প্রসঙ্গে বক্তব্য নিতে উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব উদ্দীনের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা বলেন, ‘ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিও দেখেছি। ঘটনাটির যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’


















































