ডেস্ক রিপোর্ট:
বিয়ের প্রলোভনে মোবাইল ফোনে ডেকে এনে নিজের প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সরকারি জরুরি পরিষেবা ৯৯৯ এ কল করে পুলিশকে জানানো হয়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকার রিজেন্ট টাউন নামে একটি আবাসন প্রতিষ্ঠানের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ওই কিশোরী জানায়, দীর্ঘদিন ধরে পৌরসভার বাড়ৈপাড়া এলাকায় হৃদয় নামে এক যুবকের সঙ্গে তার মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে হৃদয় তাকে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়ি বাড়ৈপাড়া নিয়ে যাবে বলে আসতে বলে। কিশোরী তার কথামতো নলপাথর এলাকার রিজেন্ট টাউনের সামনে গেলে হৃদয়সহ ৫ জন যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে আবাসন কোম্পানির অভ্যন্তরে কাশবনের ভেতর নির্জন স্থানে নিয়ে গণধর্ষণ করে। পরে কিশোরীর হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে তাকে সেখানে ফেলে রেখে যায় প্রেমিক হৃদয়সহ বাকিরা। পরে স্থানীয় কয়েকজন লোক তাকে দেখতে পেয়ে ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তা চায়। পুলিশ বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।























































