রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


নেশার টাকার জন্য নিজের মাকে মারধর, প্রতিবেশী বৃদ্ধাকে কুপিয়ে জখম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০২৩

ডেস্ক রিপোর্ট:

নেত্রকোণার মদন উপজেলায় নেশার টাকার জন্য নিজের মাকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর তাকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

বুধবার (৫ এপ্রিল) মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ তাওহীদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মদন সদর ইউনিয়নের কুলিয়াটি পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বাধা দেওয়ায় এক প্রতিবেশী বৃদ্ধাকে কুপিয়ে জখম করেছেন তিনি।

আটককৃত ব্যক্তির নাম সাগর (২৪)। আহত ব্যক্তির নাম ফুলেছা আক্তার (৬০)। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, কুলিয়াটি দক্ষিণপাড়া গ্রামে সাগর তার মা ললিতা আক্তারকে নিয়ে খালার বাড়িতে থাকেন। প্রায় তিন বছর আগে সাগর বিয়ে করেন। মাদকাসক্ত থাকায় স্ত্রী ছেড়ে চলে যায়। প্রায় বেপরোয়া হয়ে নেশার টাকার জন্য মাকে মারধর করতেন সাগর। ২০ দিন আগেও নেশার টাকার জন্য মাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করলে প্রতিবেশীরা রক্ষা করেন। মঙ্গলবার সন্ধ্যায় নেশার টাকার জন্য মাকে মারধর শুরু করেন সাগর। এতে প্রতিবেশী ফুলেছা বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করেন।

স্থানীয় ইউপি সদস্য হেলিম মিয়া জানান, আটককৃত সাগরের বাবাবাড়ি ঢাকায়। তার বাবাকে এলাকার কেউ চিনে না। সাগর তার মায়ের সঙ্গ খালার বাড়ি থাকেন। সাগর মাদকাসক্ত থাকায় বেপরোয়া হয়ে চলাফেরা করছিল।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ তাওহীদুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে সাগরকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। আহত ফুলেছা আক্তারকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি