
সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে আটক
আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর এলাকা থেকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করার সময় তাদের আটক করে বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) ফকিরমোড়া বিওপির টহল দল।
আটককৃত অন্য দুই ব্যক্তি হলেন আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী।
বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, ভারতে পালানোর সময় আখাউড়ার গাজীরবাজার থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়। এ ব্যাপারে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। ইতোমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের হয়েছে।

















































