শুক্রবার,৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশে ঢুকে পড়া ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৯.২০২৪

ভারতীয় নাগরিককে আটক

বাংলাদেশে ঢুকে পড়া ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

ডেস্ক রিপোর্টঃ

বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ভারতের ঘোজাডাঙ্গা ও ভোমরা আইসিপি গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়া ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

শনিবার রাত সোয়া ১২টার দিকে বাকাল চেক পোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই ভারতীয় নাগরিকরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার নিউ টাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) এবং বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ভোমরা আইসিপি দিয়ে ভারতীয় মদ্যপ চালক ও তার সহকারী একটি সাদা পিকআপ (IND-WB25M4037) চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

এ সময় চেকপোস্টে কর্তব্যরত নায়েক মো. জিহাদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহলদল মদ্যপ অবস্থায় সদর উপজেলার বাকাল চেকপোস্ট এলাকা থেকে পিকআপসহ দুইজন ভারতীয় নাগরিককে আটক করে।

আটক চালক ও তার সহকারী অতিরিক্ত মাদক সেবনে মাতাল অবস্থায় থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়। পরে তাদেরকে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়।

নেশা কেটে গেলে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দুইজন ভারতীয় নাগরিক। ভুলবশত তারা বাংলাদেশের মধ্যে ঢুকে পড়েছে।

শনিবার ভোর রাত দেড়টার দিকে বিজিবির ভোমরা কোম্পানী কমান্ডার ও বিএসএফ ঘোজাডাঙ্গা কোম্পানী কমান্ডারের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার আফজাল হোসেন বলেন, বিএসএফের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ভারতীয় নাগরিক পিকআপ যোগে ভোমরা স্থলবন্দরের জিরো পয়ন্টে ক্রসিং গেট ভেঙ্গে বাংলাদেশ প্রবেশ করে। এ সময় ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ক্রসিং গেট, ৩টি রোড ডিভাইডার, বাঁশকল চেকপোস্টের গেট, ১টি মোটরসাইকেল ও ১টি ইজিবাইক ক্ষতিগ্রস্থ হয়। এ ধরনের কর্মকাণ্ডের জন্য বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে কড়া প্রতিবাদ প্রতিবাদ জানানো হয়।

প্রতিউত্তরে ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার নবীন কুমার বলেন, গাড়ি চালক অতিরিক্ত মাত্রায় মাদকদ্রব্য সেবন করে মাতাল অবস্থায় অতিরিক্ত স্পীডে গাড়ি চালিয়ে ভারতের অভ্যন্তরে ৩/৪টি ইজিবাইক ভেঙ্গে এবং গোজাডাঙ্গা আইসিপির ২টি গেট ভেঙ্গে ভোমরা স্থলবন্দরের দিকে চলে আসে। এ ব্যাপারে তিনি বিজিবির নিকট দুঃখ প্রকাশ করেন।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ অনুপ্রবেশকারী উল্লেখিত ভারতীয় নাগরিকদেরকে থানায় হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি