শুক্রবার,২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় আটক ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০২৪

কুমিল্লায় মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় আটক ৫

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।

আটককৃতদের মধ্যে রয়েছেন ইসমাইল হোসেন মজুমদার (৪৩), জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূঁইয়া (৫৮), আবুল কালাম আজাদ (৪৮) এবং ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।

গত রোববার দুপুরে ওষুধ কিনতে বাড়ির কাছের বাজারে যাওয়ার সময় স্থানীয় জামায়াত কর্মী আবুল হাসেমের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করেন।

পুলিশ জানায়, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পাঁচজনকে আটক করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, “ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের না হওয়ায় আটককৃতদের ৫৪ ধারায় আদালতে হাজির করা হবে। পরবর্তীতে এটি নিয়মিত মামলা হিসেবে পরিচালিত হবে।”

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বলেন, “সরকারের কাছে আমার একটাই আবেদন, যেন ন্যায়বিচার পাই। অপরাধীদের যদি শাস্তি না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এর জবাব তাদের দিতে হবে।” তিনি বর্তমানে ফেনীতে তার ছেলের সঙ্গে অবস্থান করছেন এবং সেখানে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, ঘটনাটির ভিডিও রোববার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি