বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নামিদামি ব্র্যান্ডের বস্তায় স্থানীয় চাল, বুড়িচংয়ে দুই রাইস মিলকে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৭.২০২৫

হাবিবুর রহমান মুন্না:

চালের বাজারে কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার পারুয়া এলাকায় একাধিক অটো রাইস মিলে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মিলগেট মূল্য ও উৎপাদনের তারিখবিহীন চাল বিক্রি, অবৈধভাবে চাল মজুদ এবং নামিদামি ব্র্যান্ডের ব্যাগে স্থানীয় চাল ভরে বাজারজাত করার অভিযোগে দুইটি মিলকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হলো— “জাপান-বাংলা অটো রাইস মিল” (২০ হাজার টাকা জরিমানা) এবং “মেসার্স আব্দুল মান্নান এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ” (৪০ হাজার টাকা জরিমানা)। জরিমানা করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বুড়িচং উপজেলার খাদ্য পরিদর্শক সুভাষ চন্দ্র দেব নাথ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি দল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি