ডেস্ক রিপোর্টঃ
মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা সংকটের কারণে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে মোট ২৬৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শনিবার (৭ মার্চ) পর্যন্ত আট দিনে এসব ফ্লাইট বাতিল হয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, শনিবার একদিনেই ঢাকা থেকে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের দুটি, জাজিরা এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার ছয়টি, গালফ এয়ারের দুটি, কাতার এয়ারওয়েজের চারটি এবং এমিরেটস এয়ারলাইন্সের চারটি ফ্লাইট রয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে ঢাকা থেকে ওই অঞ্চলের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা ব্যাহত হচ্ছে।
প্রতিদিনের হিসাব অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি এবং ৬ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। তাই ঢাকা থেকে ওই অঞ্চলের ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে।


















































