সোমবার,৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মাটির নিচে মজুদ ১০ হাজার লিটার ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০২৬

মাটির নিচে মজুদ ১০ হাজার লিটার ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা

ডেস্ক রিপোর্ট:

নাটোরের সিংড়া পৌরসভা এলাকায় এক ব্যবসায়ী অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা হয়েছেন।

শনিবার (৭ মার্চ) দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত অভিযানটি নেতৃত্ব দেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া এলাকার একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে একটি ট্যাংকে ডিজেল মজুদ করা হয়েছিল। অভিযানে সেই ট্যাংক থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

অবৈধভাবে তেল মজুদ করার দায়ে ব্যবসায়ী রুবেলকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া তাকে নির্দেশ দেওয়া হয়েছে, উদ্ধারকৃত ডিজেল আগামীকাল পর্যন্ত তার বৈধ দোকানে সরিয়ে নিতে হবে।

স্থানীয় বাসিন্দা মো. ইদ্রিস বলেন, “মাটির নিচে এত বড় পরিমাণে তেল মজুত করা হয়েছে তা ভাবতেই পারিনি। মনে হচ্ছে মাটির নিচে তেলের খনি রয়েছে।” তিনি অবৈধ মজুদদারদের আইনের আওতায় আনারও দাবি জানান।

সিংড়া ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, “অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি