রবিবার,৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সদর দক্ষিণে ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কারাগারে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৭.২০২৬

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের ঘটনায় মো. খোকন (৫০) নামের এক ব্যক্তিকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আটক করেছে পুলিশ। পরে তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

আজ রোববার (৫ জুলাই) দুপুরে তাকে আদালতে তোলা হলে শুনানি শেষে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া ওরফে ল্যাংড়া খোকন জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর দুর্গাপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গত ২ জুলাই রাতে বিজয়পুর বাজারে একটি দোকানের সামনে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ খোকন নামের এক ব্যক্তিকে শনাক্ত করে। পরে গতকাল শনিবার অভিযান চালিয়ে খোকনকে আটক করে পুলিশ। এ ঘটনায় বাজারের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করেন।

ওসি জানান, সিসিটিভি ফুটেজ ভাইরালের পর খোকন আত্মগোপনে চলে যায়। কৌশলগত অভিযানের মাধ্যমে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। মামলার আইনি প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি