
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার মেঘনা উপজেলায় সাপের কামড়ে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আসাদুজ্জামান ওরফে আসাদ (৬০)। তিনি উপজেলার রামপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার মৃত হাজি আব্দুস সামাদের ছেলে।
আজ বুধবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, নিজ বাড়ির পাশের চকের জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে তাঁকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে দ্রুত মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) মজুত রয়েছে। দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা ডা. ঝুমুর রোগীর ক্লটিং টেস্ট করিয়েছেন। প্রায় ২০ মিনিট রক্ত পর্যবেক্ষণে রাখা হলেও সাপের বিষক্রিয়ার নিশ্চিত কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাই রোগীর শারীরিক অবস্থার ভিত্তিতে অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হয়নি বলে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন। পরে রোগীর স্বজনেরা নিজেদের ইচ্ছায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে চাইলে তাঁদের রেফার করা হয়। তবে ডা. ঝুমুর তাঁদের হাসপাতালে রেখেও পর্যবেক্ষণে রাখার সুযোগের কথা জানিয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, ভয়ের কারণে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার বিষয়।

















































