সোমবার,২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় চর দখল নিয়ে দুই গ্রামবাসীর টেটাযুদ্ধে নারী নিহত, আহত ২০


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৭.২০২৬

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিতাস উপজেলার নতুন ভাটেরারচরে চর দখল নিয়ে তিতাস ও মেঘনা উপজেলার বাসিন্দাদের মধ্যে টেটাযুদ্ধে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে নতুন ভাটেরারচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত কোহিনুর (৪৫) মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের কাবিল মিয়ার স্ত্রী। সংঘর্ষ চলাকালে কোহিনুরের গলায় টেটা বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কাঠালিয়া নদীর দক্ষিণ পাড়ে জেগে ওঠা একটি চর দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তিতাস এবং মেঘনা উপজেলার বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগে একাধিকবার টেটাযুদ্ধ, লুটপাট ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

রোববার বিকেলে মেঘনা উপজেলার চর বিনোদপুর ও আলীপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নৌকাযোগে নতুন ভাটেরারচর গ্রামে লুটপাট ও ভাঙচুর করে বলে স্থানীয়দের দাবি । পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে টেটাযুদ্ধের কোহিনুর নিহত হন।

খবর পেয়ে তিতাস ও মেঘনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিতাস ও মেঘনা থানার পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, ঘটনার পরপরই তিতাস থানা থেকে ২৫ জন পুলিশ সদস্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে নজর রাখা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি