
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লায় পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা, ৭০ বোতল বিদেশি মদ ও ৯০ বোতল বিয়ারসহ সিব্বির হোসেন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১, সিপিসি-২।
শনিবার (২৯ আগস্ট) কুমিল্লা সদর উপজেলার গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার (২৮ আগস্ট) রাতে সদর দক্ষিণ উপজেলার দড়িবট গ্রাম থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (২৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত সিব্বির হোসেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহাপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
জানা যায়, শনিবার সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোঃ সিব্বির হোসেন নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় আসামির হেফাজত থেকে ৭০ বোতল বিদেশি মদ ও ৯০ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
এদিকে, গত ২৮ আগস্ট রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন দড়িবট গ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, আটককৃত সিব্বির হোসেন দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য, বিদেশি মদ ও বিয়ার সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

















































